Sheikh Sufiyan: শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের সিবিআইয়ের, চক্রান্ত দাবি সুফিয়ানের
বাংলার জনরব ডেস্ক : নন্দীগ্রামের তৃনমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলার সহ সভাধিপতি শেখ সুফিয়ানের বিরূদ্ধে ধর্ষণের মামলা দায়ের করছে সিবিআই বলে জানা গেছে।
সিবিআই এর সূত্র তুলে ধরে ডিজিটাল আনন্দবাজার লিখেছে, ধর্ষণের ওই মামলায় সুফিয়ান-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন সুফিয়ান। তাঁর কথায়, “সিবিআই একটি মিথ্যা মামলা সাজিয়েছে। গত ২ ফেব্রুয়ারি সিবিআই অফিসে ধর্ষণের মামলা করা হয়েছে বলে খবর পেয়েছি। প্রায় ১০ মাস আগে, গত বছর ভোটের পরের দিনের একটি সাজানো ঘটনায় আমাকে জড়ানোর চেষ্টা হচ্ছে। এ সবই শুভেন্দুর কারসাজি। আমাকে যেন তেন প্রকারে জেলে ভরার ফন্দি আঁটছেন উনি। তবে এ সব করে কোনও লাভ হবে না।”
ভোটের ফল প্রকাশের পরের দিন নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত দাসকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় রয়েছে সুফিয়ানের নাম। ওই মামলায় সুফিয়ানের জামাই-সহ ১২ জন তৃণমূল নেতা-কর্মী এখন জেলে রয়েছে। তবে বুধবার সুপ্রিম কোর্ট ওই মামলায় সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। এর পরেই সিবিআইয়ের নতুন মামলার খবর প্রকাশ্যে এল। সুফিয়ানের বক্তব্য, ‘‘যতই মিথ্যে মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা হোক না কেন আমি আইনের উপরে আস্থা রেখেছি। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’’

