সাইবার হানার কবলে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, SBI-এর হাজার হাজার গ্রাহকের তথ্য চুরি, ডার্ক ওয়েবে ফাঁস
এস রোজলিন: কলকাতা: ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাইবার হানার কবলে। এ নিয়ে জল্পনা চললেও বুধবার বিষয়টির কথা আনুষ্ঠানিকভাবে জানাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাদের কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড চুরি হয়েছে এবং সেই সব নথি ডার্ক ওয়েবে ফাঁস করা হয়েছে।
প্রাথমিক তদন্তে SBI জানিয়েছে, মোট ৩,৮৯৭ জন গ্রাহকের রেকর্ড চুরি গিয়েছে। চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেল, বাড়ির ঠিকানা-সহ ঋণ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
তবে ব্যাঙ্কের দাবি, এই সাইবার হামলার ফলে ব্যাঙ্কের অভ্যন্তরীণ পরিকাঠামোয় কোনও সমস্যা হয়নি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাজেও কোনও ব্যাঘাত ঘটেনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি নিরপেক্ষ সাইবার নিরাপত্তা সংস্থাকে নিয়োগ করা হয়েছে। আর কী কী তথ্য চুরি গিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, CyberPulse নামে একটি X অ্যাকাউন্ট, যারা বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কাজ করে, তাদের এক পোস্টে দাবি করা হয়েছে, Siriusim নামে একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালিয়েছে। গত ১৬ অক্টোবর ওই ঘটনার কথা জানানো হয়েছিল। CyberPulse-এর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, চুরি যাওয়া তথ্য ব্যবহার করে একাধিক আর্থিক প্রতারণা হতে পারে।
সম্প্রতি নিয়ামক সংস্থা দেশের সমস্ত ব্যাঙ্ককে সাইবার নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করার বার্তা দিয়েছিল, কারণ বারবার আর্থিক প্রতিষ্ঠানগুলিকেই টার্গেট করছে হ্যাকাররা। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক না করতে, ঋণের অফার, উপহার বা বিশেষ অফারের লোভে না পড়তে, অচেনা অ্যাপ ডাউনলোড না করতে এবং ফোনে কেউ তথ্য চাইলে বা OTP চাইলে তা কখনওই না দিতে। এবং

