দেশ 

গোপন তথ্য ফাঁসের অভিযোগে বিতর্কে HDFC ব্যাঙ্ক, বড় ধাক্কা সুনামে

শেয়ার করুন

এস রোজলিন: কলকাতা: সম্প্রতি HDFC ব্যাঙ্ককে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাঙ্কের অভ্যন্তরীণ এক তদন্তে উঠে এসেছে, ব্যাঙ্কের দুই শীর্ষ কর্তা বাইরের লোকজনকে ব্যাঙ্কের গোপন ব্যবসায়িক পরিকল্পনা এবং শেয়ার বাজারে প্রভাব ফেলতে পারে এমন অত্যন্ত জরুরি তথ্য পাচার করেছেন।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, নীতি মেনে অভ্যন্তরীণ তদন্ত চালানো হচ্ছে। রিপোর্ট সামনে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত ওই দুই কর্তার নাম এখনও প্রকাশ করা হয়নি।

এই ঘটনা এমন এক সময় সামনে এল, যখন ব্যাঙ্কের নেতৃত্বে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ২৭ অক্টোবর ব্যাঙ্কের নতুন চিফ এক্সিকিউটিভ (CEO) হিসেবে দায়িত্ব নেওয়ার কথা অনুপ বাগচীর। দায়িত্ব নেওয়ার আগেই এই কেলেঙ্কারি তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

এমনিতেই গত কয়েক মাস ধরে ব্যাঙ্কের অন্দরে নানা টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। কয়েক মাস আগে ‘নীতিগত অমিলের’ কথা জানিয়ে আচমকা ইস্তফা দিয়েছিলেন তৎকালীন চেয়ারম্যান অতনু চক্রবর্তী। পাশাপাশি বিদায়ী CEO শশীধর জগদীশন আর পদে থাকতে চাননি এবং ব্যাঙ্কের অন্যতম পুরনো শীর্ষ কর্তা কাইজাদ ভরুচাও বছরের শেষে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন।

তিন দশক ধরে নিয়ম, শৃঙ্খলা ও ধারাবাহিক লাভের জন্য বাজারে HDFC ব্যাঙ্কের আলাদা সুনাম রয়েছে। কিন্তু বোর্ডের অন্দরে টানাপোড়েন এবং সদ্য ঘটে যাওয়া তথ্য ফাঁসের এই ঘটনায় সেই সুনামে বড় ধাক্কা লেগেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। চলতি বছরেই ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ পড়ে গিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ