দেশ 

সাত দিন পর জেল থেকে ছাড়া পেলেন সৌরভ আশুতোষ

শেয়ার করুন

অবশেষে জেলমুক্তি হল ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষনেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার। বুধবার দিল্লির স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়েছিল সৌরভদের। তিনি দুই শীর্ষনেতাকে মুক্তি দিয়েছেন।

যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে সেখানে যাবতীয় আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়ার পরে গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সেখানে ঢুকেছিলেন রাঙ্কা, সৌরভেরা। তাঁদের সঙ্গে সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে এবং আরও ১১ জন ছিলেন। সকলকে আটক করে পুলিশ। শিন্দে-সহ বাকিদের পরে ছেড়ে দেওয়া হলেও সৌরভদের গ্রেফতার করা হয়।

১৪ অক্টোবর স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করানো হলে তিনি পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। সেই থেকে তিহাড় জেলে ছিলেন সৌরভেরা। পাঁচ দিন পর আবার তাঁদের স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হলে জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। বুধবার সেই মেয়াদ শেষ হওয়ার পর আদালতে হাজির করানো হয়েছিল সৌরভদের। সওয়াল-জবাব শেষে স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট দুই ককরোচ নেতাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

সৌরভদের উদ্দেশে বিচারপতি প্রসাদ প্রশ্ন করেন, ‘‘আপনারা একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। সেই আপনারাই যখন ব্যারিকেড ভাঙছেন, আপনাদের সমর্থক এবং অনুগামীরাও তা করতে পারেন। সেই সম্ভাবনা তৈরি হয়। এমনও লোকজন সেখানে থাকতে পারেন, যাঁরা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে। তখন কী ভাবে সামলাবেন?’’

শান্তি ভঙ্গ না করার শর্তেই আগে রাঙ্কা, সৌরভ এবং সিজেপি প্রধান অভিজীত দিপকে-কে জামিন দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, সেই শর্ত ভঙ্গ করে গেট টপকে ‘নিষিদ্ধ’ যন্তর মন্তরে ঢুকে পড়েছিলেন সৌরভেরা। বুধবার দিল্লি হাই কোর্ট সেই নিয়েও প্রশ্ন তোলে, কেন তাঁরা শর্ত লঙ্ঘন করেছিলেন? রাঙ্কারা যে ‘জেন জ়ি’ (এটি আদতে মার্কিন বিপণন সংস্থার তৈরি করা সংজ্ঞা, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মানো প্রজন্মকে বোঝাতে ব্যবহার করা হয়) নন, তা মনে করিয়ে দিয়ে বিচারপতি প্রসাদের মন্তব্য, ‘‘প্রথমে এটা ছাত্রবিক্ষোভ ছিল। তরুণরা যোগ দিয়েছিলেন। এখন তা অন্যরকম হয়ে গিয়েছে। মানুষগুলো একই আছে, কারণ পাল্টে গিয়েছে।’’

পরে সিজেপি দিল্লি হাই কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেয়। তার কয়েক ঘণ্টা পরেই তাঁদের মুক্তি দিল দিল্লির আদালত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ