মমতাকে রাহুলের ফোন, কী কথা হলো ?
বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে সোমবার রাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথাবাত্রা বলেছিলেন বলে, আজ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন। তিনি বুধবার উত্তরবঙ্গে ভাইপোর বিয়েতে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের জানিয়েছেন,‘‘গত পরশু দিন (সোমবার) রাহুলজি আমায় ফোন করেছিলেন। আমি তাঁকে বললাম, আমাকে তো বৈঠকের বিষয়ে কেউ কিছু বলেননি আগে থেকে। আমি কিছু জানতামই না।’’
মমতা এ-ও জানান, হঠাৎ করে বৈঠক ডাকলে যাওয়া সম্ভব নয়। তাঁর কথায়, ‘‘আমারও উত্তরবঙ্গে কর্মসূচি পূর্বনির্ধারিত। অন্যান্য মুখ্যমন্ত্রীও কর্মসূচির কারণেই অপারগতার কথা জানিয়েছেন।’’ পাশাপাশি তামিলনাড়ুর প্লাবন পরিস্থিতির কথাও উল্লেখ করেন মমতা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ‘ইন্ডিয়া’র অন্যতম নেতা। মমতা বলেন, ‘‘কোথাও বিপর্যয় ঘটলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য ছেড়ে অন্যত্র যেতে পারেন না। কারণ তাঁকে থেকে সবটা দেখতে হয়।’’
এদিকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ইন্ডিয়া জোটের অন্যতম প্রথম সারির নেতা লালুপ্রসাদ যাদব জানিয়েছেন আগামী ১৭ ই ডিসেম্বর এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত কবে বৈঠক হবে তা ঠিক হয়নি। গত রবিবার চার রাজ্যের নির্বাচনের ফল বেরোনোর সময় জানা যায় ৬ ডিসেম্বর বুধবার দিল্লিতে বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। কিন্তু এই বৈঠকের খবর মুখ্যমন্ত্রীকে জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী জানান। তারপরেই রাহুল গান্ধীর এই ফোন রাজনৈতিক মহলে তাৎপর্য সৃষ্টি করেছে।

