দেশ 

তিহাড় থেকে ছাড়া পাওয়ার পরের দিনেই সৌরভ আশুতোষ সহ তিনজনকে তলব দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার

শেয়ার করুন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা তিহাড় থেকে ছাড়া পেয়েছেন বুধবার। বৃহস্পতিবারই তাঁদের তলব করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। ডাকা হয়েছে সিজেপির আর এক নেতা অজিঙ্ক শিন্দেকেও। যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ানো এবং স্লোগান দেওয়ার ঘটনায় দু’টি এফআইআর করেছিল পুলিশ। দু’টি মামলার তদন্তভারই তুলে দেওয়া হয়েছে অপরাধদমন শাখার হাতে। তারা তিন নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে যন্তর মন্তরে ঢুকেছিলেন সৌরভ, রাঙ্কা এবং শিন্দে। তাঁদের সঙ্গে সিজেপির আরও কিছু সমর্থক সেখানে প্রবেশ করেন। তার আগের দিনই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে যন্তর মন্তর বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় সিজেপি নেতাদের বিরুদ্ধে শান্তি ভঙ্গের চেষ্টার অভিযোগ আনা হয়।

প্রাথমিক ভাবে আটক করার পর অজিঙ্ক এবং বাকিদের পুলিশ ছেড়ে দেয়। কিন্তু গ্রেফতার করা হয় সৌরভ এবং রাঙ্কাকে। আগেও শান্তি ভঙ্গ না করার বন্ডে সই করেছিলেন তাঁরা। স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। পরে তা আরও দু’দিন বাড়িয়ে দেওয়া হয়। সাত দিন তিহাড়ে কাটানোর পর বুধবার সৌরভ এবং রাঙ্কা মুক্তি পেয়েছেন। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর হয়েছে। তার পরের দিনই দিল্লির রজৌরি গার্ডেনে অপরাধদমন শাখার দফতরে তিন জনকে হাজিরার নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য, রাঙ্কাদের জামিন দিলেও বিচারক জানিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। আগামী শুক্রবার স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে আবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অন্য দিকে, দুই নেতার জেলমুক্তির পর নতুন করে আন্দোলন শুরু করতে মরিয়া সিজেপি। দলের প্রধান অভিজীত দিপকে ফের পথে নামার ইঙ্গিত দিয়েছেন বুধবার রাতেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ