দেশ 

নভেম্বরেই প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী, ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করে সুসংবাদ দিলেন স্বয়ং কংগ্রেস সংসদীয় দলের নেত্রী!

শেয়ার করুন

ইনস্টাগ্রামে প্রথম ভিডিয়ো পোস্ট করলেন সনিয়া গাঁধী। বৃহস্পতিবার সকালে পোস্ট করা ওই ভিডিয়োয় পুস্তক আকারে প্রকাশিত হতে চলা নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এর মোড়ক খুলে দেখান সনিয়া। সঙ্গে ছিলেন বান্ধবী মঞ্জু দুবে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বইয়ের একটি অংশ খুলে দেখাচ্ছেন সনিয়া। সেখানে একাধিক ছবি রয়েছে। সেই দিকে ইঙ্গিত করে সনিয়া কন্যা প্রিয়ঙ্কা গাঁধী বাড্রাকে বলছেন, “অনেক ছবি রয়েছে।” পরে প্রিয়ঙ্কার সঙ্গে মিষ্টিমুখ করতে দেখা যায় সনিয়াকে। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে সনিয়া লিখেছেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এর প্রথম ঝলক আপনাদের দেখাচ্ছি। এটা ভালবাসা, কর্তব্য এবং হারানোর গল্প।”

এর আগেই আত্মজীবনী প্রকাশের কথা জানিয়ে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে সত্যের কাছাকাছি পৌঁছোতে পেরেছে।’’ ভারতে এই বইপ্রকাশ নিয়ে বিতর্কও তৈরি হয়।

সনিয়ার আত্মজীবনীর মূল প্রকাশনা সংস্থা আমেরিকার ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস’-এর আলফ্রেড এ নফও অবশ্য আগেই ঘোষণা করেছিলেন যে, বইটি ১০ নভেম্বর প্রকাশিত হবে। কিন্তু তাদের ভারতীয় শাখা সেপ্টেম্বরে জানিয়ে দেয় যে, ভারতে প্রকাশিত সনিয়া আত্মকথন তারা ছাপবে না! ভারতে এই বইপ্রকাশের দায়িত্ব থেকে পেঙ্গুইন ইন্ডিয়া সরে আসার পর ‘সম্ভাব্য প্রকাশক’ হিসেবে কয়েকটি সংস্থার নাম উঠে এসেছিল। পরে জানা যায়, ‘হারপার কলিন্‌স’ সনিয়ার আত্মজীবনী প্রকাশ করছে।

সনিয়ার আত্মজীবনী ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে আসার পরেই ‘পেঙ্গুইন ইন্ডিয়া’-কে নিশানা করেছিল কংগ্রেস। তাদের তরফে অভিযোগ তোলা হয় যে, ওই প্রকাশনাসংস্থা বিক্রি হয়ে গিয়েছে। কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলের উপদলনেতা গৌরব গগৈ বলেন, ‘‘আরএসএস-এর (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) উপর লেখা একাধিক বই প্রকাশ করতে আপত্তি নেই পেঙ্গুইন ইন্ডিয়ার, কিন্তু সনিয়ার গাঁধীর আত্মজীবনী প্রকাশ করতে পারছে না।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ