পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং অপারেশন সিঁদুর বার্তা দিতে বিভিন্ন দেশে যাবেন ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল, নেতৃত্বে কারা? এক নজরে দেখে নিন! কী ব্যাখ্যা দেবেন?
বিশেষ প্রতিনিধি : পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে বিশ্ববাসীকে অবহিত করার জন্য শেষ পর্যন্ত সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সাতজনের এই সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সব দলেরই একজন করে সাংসদ। মোট সাতটি দল গঠিত হয়েছে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং রাষ্ট্রপুঞ্জসহ বিভিন্ন জায়গায় এই প্রতিনিধি দল যাবেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দেবেন বলে জানা গেছে। শনিবার এই সাত প্রতিনিধি দলের নেতাদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
কেন্দ্রীয় মন্ত্রকের বিবৃতি সমাজমাধ্যমে প্রকাশ করেন মন্ত্রী কিরেন রিজিজু। সাতটি প্রতিনিধিদলের নেতাদের তালিকায় আছেন কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডারা। এ ছাড়া, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডেকে এই তালিকায় রাখা হয়েছে। উল্লেখ্য, সর্বদলীয় প্রতিনিধিদলে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের কোনও সাংসদ নেই। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রের তরফে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রতিনিধিদলে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। সুদীপ পিটিআইকে বলেন, ‘‘কিরেন রিজিজু আমাকে ফোন করেছিলেন। আমেরিকায় যেতে বলা হয়েছিল আমাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারছি না।’’

কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লাগাতার লড়াইয়ের আবহে চলতি মাসের শেষ দিকে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিভিন্ন দেশে ভারতের বার্তা পৌঁছে দিতে যাবে। যাওয়া হবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতেও। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান প্রচার করবে এই দলগুলি। ভারত কোনও অবস্থানেই সন্ত্রাসবাদকে সহ্য করবে না, এ বিষয়ে ভারতের নীতি ‘জ়িরো টলারেন্স’, সেই বার্তাই দেবেন সর্বদলীয় প্রতিনিধিরা।’’
বিবৃতি প্রকাশ করে রিজিজু লিখেছেন, ‘‘যে সময়ে সবচেয়ে প্রয়োজন, সেই সময়েই ভারত ঐক্যবদ্ধ রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের বার্তা নিয়ে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল শীঘ্রই যাত্রা শুরু করবে। রাজনীতির মতভেদের ঊর্ধ্বে এটি জাতীয় ঐক্যের একটি শক্তিশালী নিদর্শন।’’

