দেশ চালাচ্ছে আরএসএস : রাহুল গান্ধী
বাংলার জনরব ডেস্ক: দেশ এর স্বশাসিত সংস্থাগুলির সিংহভাগের দখল নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Sayang Sevak Sangh)। কৌশলগতভাবেই আরএসএসের (RSS) লোক বসানো হয়েছে প্রতি ক্ষেত্রে। তারাই নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকারকে (BJP Government)। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীরাও আসএসএসের নিয়ন্ত্রণাধীন। লাদাখ সফরে গিয়ে সরাসরি গেরুয়া শিবিরকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক কথায় দেশ চালাচ্ছে, আরএসএস বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।
লাদাখে রাহুল বলেন, “আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীকে প্রশ্ন করেন, তাঁরাই আপনাকে জানাবেন যে তাঁরা আদৌ মন্ত্রিত্ব চালান না। আরএসএস দ্বারা নিযুক্ত ব্যক্তিরাই মন্ত্রকগুলি চালাচ্ছেন। তারাই সব বিষয়ে পরামর্শদাতা।” সঙ্গে যোগ করেন, “দেশ চালনায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজের লোক বসিয়ে সবকিছু চালাচ্ছে আরএসএস।”
দেশে আইনের শাসন প্রসঙ্গে কংগ্রেস নেতা মনে করিয়ে দেন, “ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল। স্বাধীনতাকে একীভূত করা হয় সংবিধানে। সংবিধান হল স্বাধীন বিধানগুলির একটি সেট।” তিনি আরও বলেন, “এমনভাবে প্রতিষ্ঠান পরিচালনার কথা ছিল যাতে তা সংবিধানের রূপকল্পকে সমর্থন করে। অন্যদিকে বিজেপি এবং আরএসএস যেটা করছে তা হল প্রাতিষ্ঠানিক কাঠামোর মূল পদগুলিতে নিজেদের লোক বসানো।”

