জেলা 

প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি, অপমানে ২২ বছরের তরুণীর আত্মহত্যা, উত্তপ্ত বারাসত

শেয়ার করুন

এস রোজলিন : কলকাতা: ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকির জেরে ২২ বছরের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলা এলাকায়। পরিবারের দাবি, চরম মানসিক চাপ ও সম্মানহানির আশঙ্কা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার বিচার চেয়ে বারাসত থানায় বিক্ষোভ দেখায় পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, হাটখোলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের তরফেও সেই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল এবং দুজনের বিয়ের কথাবার্তাও চলছিল।

অভিযোগ, গতকাল দুপুরে ওই তরুণী তাঁর প্রেমিকের ভাড়া বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় এলাকার কয়েকজন ব্যক্তি তাঁদের ঘরে একা অবস্থায় দেখতে পান। পরিবারের অভিযোগ, এরপর বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় এবং গোপনে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করা হয়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরিবারের দাবি, এই ঘটনার পর থেকেই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন ওই তরুণী। ভিডিও ছড়িয়ে পড়ার ভয় ও সামাজিক সম্মানহানির আশঙ্কায় এদিন দুপুরে নিজের বাড়িতেই তিনি চরম সিদ্ধান্ত নেন।

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা বারাসত থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় প্রেমিকের কোনো দোষ নেই বলে স্পষ্ট জানিয়েছে মৃতার পরিবার। তাঁদের অভিযোগ সেইসব ব্যক্তিদের বিরুদ্ধে, যারা ভিডিও তুলেছে এবং হুমকি দিয়েছে। মৃতার বাবা বলেন, “আমার মেয়ের সঙ্গে ছেলেটির সম্পর্ক ছিল, আমরা সবাই জানতাম। ওদের বিয়েও ঠিক ছিল। ওদের একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল কিছু লোক। সেই ভয়েই আমার মেয়ে এই কাণ্ড ঘটিয়েছে। আমরা এর বিচার চাই, অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ