জেলা 

২৪ ঘণ্টার ব্যবধানে ফের মর্মান্তিক দুর্ঘটনা বারাসতে, পুকুরে ডুবে মৃত দুই নাবালিকা বোন

শেয়ার করুন

এস রোজলিন: কলকাতা:আগের দিনের ক্ষত এখনও শুকোয়নি। রামকৃষ্ণপল্লিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে ফের একই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটল বারাসতে। এবার বাদু গুস্তিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল দুই নাবালিকা বোনের।

মৃতরা হল সুমাইয়া খাতুন (১১) ও আফিফা পারভিন (১০)। সম্পর্কে তারা মামাতো-পিসতুতো বোন। সুমাইয়া চতুর্থ ও আফিফা পঞ্চম শ্রেণির পড়ুয়া। একজনের বাড়ি স্থানীয় খড়িবাড়িতে, অন্যজনের গুস্তিয়া তালপুকুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুর পাড়ে খেলছিল দুই বোন। খেলার সময় কোনোভাবে একজন পা পিছলে পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে অন্যজনও জলে ঝাঁপ দেয়। এরপর দুজনেই গভীর জলে তলিয়ে যায়।দুই বোনকে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করেন প্রত্যক্ষদর্শীরা। সেই চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বারাসত থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। ডুবুরি নামিয়ে শুরু হয় উদ্ধারকাজ। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর দুই বোনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এর ঠিক আগের দিনই রামকৃষ্ণপল্লি এলাকায় একইভাবে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। জানা গিয়েছিল, পুকুর ধারে খেলার সময় একজন পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও তলিয়ে যায়।

২৪ ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই জোড়া শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বারাসত। পরপর এই ঘটনায় এলাকায় পুকুরগুলির নিরাপত্তা ও শিশুদের প্রতি নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ