চোর বাগান কাণ্ডের তদন্ত শুরু, বুধবার তলব করা হলো মন্ডপ শিল্পীকে, আহতদের কেন বেসরকারি হাসপাতালে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী!
চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মন্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্লাবের মণ্ডপশিল্পীকে এ বার তলব করল লালবাজার। মণ্ডপটি তৈরি হয়েছে শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায়। মণ্ডপ তৈরির ক্ষেত্রে তাঁর কী পরিকল্পনা ছিল, দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে সব নিয়ে তাঁর মত কী, বুধবার এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে পারেন সুশান্ত।
সোমবারই চোরবাগান কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর প্রথম বৈঠক হয়েছে। মহাকরণে ঝাড়া ২ ঘণ্টার আলোচনার পর সিট-এর প্রধান, কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, আগামী শনিবার থেকে তাঁরা তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করবেন। আবার সোমবার সল্টলেকে মিলনমেলা প্রাঙ্গণে বিজয়া সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল ন’দিন আগের দুর্ঘটনার কথা। বস্তুত, তাঁর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল চোরবাগান সর্বজনীন। আহতদের কেন সরকারি মেডিক্যাল কলেজ থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ব্যাখ্যাও দেন।
তিনি জানান, ‘ইগো’ নিয়ে বসে থেকে লাভ নেই। সরকারি হাসপাতালে এমন অনেক পরিষেবা নেই যেটা ভাল বেসরকারি হাসপাতালে মেলে। এই সত্য অনুধাবন করে দ্রুত যাতে বিপদগ্রস্ত মানুষজন সুস্থ হয়ে ওঠেন, সেই পদক্ষেপ করেছেন। তা ছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দুর্ঘটনার দায় সত্যিকারের যাঁদের, তাঁদের সরকার আড়াল করবে না। আগামিদিনে যে কোনও উৎসবের প্রস্তুতিতে কী কী করতে হবে, তা আগেই ঠিক করে নেওয়া হবে।

