বেসরকারি স্কুলের অনুমোদন দিতে ১০০ কোটি ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষা মন্ত্রী!
বাংলার জনরব ডেস্ক : দুর্নীতির মামলায় তামিলনাড়ুতে প্রথম গ্রেফতার হলেন পূর্বতন ডিএমকে সরকারের শিক্ষামন্ত্রী স্টালিনের অত্যন্ত ঘনিষ্ঠ আনবিল মহেশ পোয়ামোঝি। তাঁর বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন বেসরকারি স্কুলকে অনুমোদন দিতে অন্তত ১০০ কোটি টাকা ঘুষ লেনদেন করেছেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান সি জোসেফ সরকারের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে চিহ্নিত করেছে ডিএমকে। তবে পুলিশের দাবি, ২০২১ থেকে ২০২৬ মহেশ তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী থাকাকালীন বিধি বহির্ভূত ভাবে অন্তত ১৭৭টি বেসরকারি স্কুলকে টাকার বিনিময়ে ছাড়পত্র ও অনুমোদন দেওয়া হয়েছিল বলে তথ্য মিলেছে।
এই স্কুল-অনুমোদন মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনে তদন্ত শুরু হলে মহেশ গ্রেফতারি এড়াতে মাদ্রাজ হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। সোমবার মাদ্রাজ হাই কোর্ট তার সেই আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রথমে সিসিবি-র দফতর এবং তার পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এই মামলায় গত ১৮ সেপ্টেম্বর মহেশকে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল চেন্নাই পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ’। পুলিশ জানিয়েছে সে দিন, মোট ২৯৫টি প্রশ্ন করা হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর মহেশ দাবি করেছিলেন, তাঁকে ২৪৬টি প্রশ্ন করা হয়েছিল, সব ক’টিরই সদুত্তর দিয়েছেন।

