ক্যানিং শাখায় অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা
বাংলার জনরব ডেস্ক: আজ শনিবার শিয়ালদহ দক্ষিণ শাখা বেদবেড়িয়া স্টেশন অবরোধের জেরে আজ সকাল থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন ট্রেন চলাচল শুরু হলেও এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
রেল পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে মালগাড়ি যাওয়ার কারণে সকাল ৬টা বেজে ১০ মিনিটের লোকাল ট্রেনটি বাতিল করা হয়। আর তাতেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। আগাম কোনও ঘোষণা ছাড়া কেন ট্রেনটি বাতিল করা হল? এই প্রশ্ন তুলেই ক্যানিং শাখার বেদবেড়িয়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। অবরোধ করা হয় রেল। জানা গিয়েছে, ওভার হেডের তারে কলা পাতা ফেলে রেল অবরোধ করা হয়।

এই বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি ট্রেন পর পর দাঁড়িয়ে যায়। ফলে সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি অনেকেই। কর্মক্ষেত্রে যেতে বিকল্প পথ ধরতে হয় অনেককে। স্বাভাবিক ভাবেই সাতসকালে কাজে বেরিয়ে এমন সমস্যায় পড়ার জন্য বিরক্ত তাঁরা।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চলছে যে ঠিক কী কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রেল পুলিশের কথা কানে তুলতে নারাজ তাঁরা। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেল পুলিশ সূত্রে খবর।

