বঙ্গোপসাগরে নিম্নচাপ জেরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে
বাংলার জনরব ডেস্ক : দুর্গাপুজোর শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। জানা গেছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যার ফলে আগামী সপ্তাহে কলকাতা ও আশপাশে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।।
দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং তার প্রভাবেই শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কথা। নিম্নচাপ অঞ্চল ক্রমে উত্তর-উত্তর পশ্চিমে সরে আরও ঘনীভূত হতে পারে। তার প্রভাব পড়তে পারে উপকূলের জেলাগুলিতে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। মঙ্গলবার থেকে কোনও কোনও জেলায় আবার বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে বজ্রপাত। বুধবার এবং বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তাপমাত্রার বড়সড় পরিবর্তনও আপাতত হচ্ছে না।
উত্তরবঙ্গেও আবহাওয়া মোটের উপর শুকনো। তবে আগামী সপ্তাহে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাসও। এখনই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।

