ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দমকলের
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। অভিযোগ, সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। অগ্নি নিরাপত্তার সব নিয়ম সেখানে মানা হয়নি। তাই ওই দফতর জনগণের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। মূল ভবনের সপ্তম এবং অষ্টম তলা খালি করার নির্দেশ দিয়েছে দমকল। সেই মর্মে চিঠি গিয়েছে মালিকের কাছে।
৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির (ক্যামাক স্ট্রিট) মূল ভবনটির সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। দু’টি তলার জন্য নিয়মিত ভাড়া দেওয়া হয়, জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিছু দিন আগে সেখান থেকে একটি হোর্ডিং খুলতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। অভিষেক এবং তাঁর অনুগামীদের সঙ্গে তাঁদের বচসা হয়। পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন অভিষেকেরা। তা নিয়ে মামলা চলছে। তার কয়েক দিনের মধ্যে ভবনের মালিকের কাছে গেল দমকলের নির্দেশিকা। দমকল বিভাগ জানিয়েছে, ক্যামাক স্ট্রিট ভবনের সপ্তম এবং অষ্টম তলায় অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে মালিকপক্ষ এবং ভাড়াটিয়াদের তলব করা হয়েছিল। ভাড়াটিয়ারা যথাসময়ে নথিপত্র নিয়ে হাজিরা দেন। কিন্তু মালিকপক্ষ তলবে সাড়া দেননি।
দমকলের বক্তব্য, ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে এবং নথিপত্র বিশ্লেষণ করে জানা গিয়েছে, ওই ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব মালিকের। অগ্নি নিরাপত্তার শংসাপত্রটির মেয়াদও ২০২৬ সালের ১০ অগস্ট ফুরিয়ে গিয়েছে। তা পুনর্নবীকরণের সুপারিশ করা হয়েছিল। মালিকপক্ষ তা-ও করেননি। তাই ভবনের ওই অংশ একেবারেই নিরাপদ নয়। অবিলম্বে তা খালি করতে হবে, জানিয়েছে দমকল। একই নির্দেশ দেওয়া হয়েছে ভবনের বেসমেন্টের জন্যেও। এ ছাড়া, অগ্নি নির্বাপণ ব্যবস্থা সঠিক ভাবে স্থাপন করার আগে ওই দুই তলা ব্যবহার করতে পারবেন না মালিকও। দমকলের এই নির্দেশিকার একটি করে কপি কলকাতা পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং সিইএসসি দফতরেও পাঠিয়ে দেওয়া হয়েছে।

