জেলা 

আর জি কর কাণ্ডে ধৃত খড়দহ পুরসভার প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে শুধু ডিম নয় ছোড়া হলো ইট পাটকেল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আর জি কর কাণ্ডে ধৃত খড়দহ পৌরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে কে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার ছুটির দিনে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সোমনাথকে লক্ষ্য করে শুধু ডিম ডিম নয় ছোড়া হল ইট পাটকেলও। শেষ পর্যন্ত হেলমেট পরিয়ে তাকে গাড়িতে তোলা হলেও অনেক পুলিশকর্মী ইটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে মেলে পানিহাটির চিকিৎসক-ছাত্রীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। নির্যাতিতার ‘তড়িঘড়ি সৎকার’ নিয়ে নতুন করে মামলা রুজু হয়েছে খড়দহ থানায়। ওই মামলায় অপর দুই অভিযুক্ত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। অন্য মামলায় তাঁদের জেল হেফাজত হয়েছে। এত দিন প্রাক্তন পুরপ্রধান সোমনাথ পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাঁকে কর্নাটকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়েছে সোমনাথকে। কিন্তু তাঁকে থানায় আনা হয়েছে শুনেই কয়েকশো লোক জমে যায় থানার বাইরে। সেখান থেকে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান ওঠে। একই ছবি দেখা গিয়েছিল অপর দুই ধৃত নির্মল এবং সঞ্জীবের ক্ষেত্রেও। জখম হয়েছিলেন দু’জনেই। বিক্ষোভের সময় জখম সঞ্জীবের চোখে অস্ত্রোপচারও করাতে হয়েছে। সোমনাথের নিরাপত্তার কথা ভেবে তাঁর মাথায় বাইকের হেলমেট পরিয়েছিল পুলিশ। দ্রুত তাঁকে নিয়ে থানা থেকে বের করে গাড়িতে তোলার চেষ্টা হয়।

শুক্রবার কাকভোরে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় সোমনাথকে। দুপুরে ব্যারাকপুর আদালতে ধৃতকে হাজির করানোর তোড়জোড় করে পুলিশ। তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। প্রিজ়ন ভ্যানে তুলে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ব্যারাকপুর আদালতে হাজির করা হয়েছে সোমনাথকে। আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের পাশাপাশি দ্রুত সৎকার করা-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। ওই মর্মে আবেদন জানানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ