কলকাতা 

এসআরএফটিআইতে পুলিশি অভিযান! পড়ুয়াদের হেনস্থার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস!

শেয়ার করুন

শনিবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। এদিন সকাল ৬ টা নাগাদ ক্যাম্পাসে ৩০০-র বেশি পুলিশকর্মী ঢুকে পড়ুয়াদের মঞ্চ ভেঙে সরিয়ে দেন বলে অভিযোগ। আন্দোলনরত পড়ুয়াদের ব্যবহৃত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী দু’টি ছোট পিক-আপ ভ্যানে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয় বলেও দাবি পড়ুয়াদের। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগ করছেন তাঁরা।

এক পড়ুয়ার দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ বিপুল সংখ্যক পুলিশকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁদের মধ্যে অনেকের মুখই কাপড়ে ঢাকা ছিল বলে অভিযোগ। এর পর তাঁদের তত্ত্বাবধানে ধর্নামঞ্চে থাকা সমস্ত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে দেওয়া হয়। পড়ুয়াদের বক্তব্য, ওই সমস্ত জিনিস ক্যাম্পাসেরই সম্পত্তি। অথচ সেগুলি দু’টি ছোট পিক-আপ ভ্যানে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদ করতে গেলে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। একাধিক পড়ুয়াকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। ছাত্রীদের সঙ্গেও টানাহেঁচড়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিয়ো রেকর্ড করছিলেন কয়েক জন পড়ুয়া। তাঁদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলে দাবি। এক পড়ুয়ার কথায়, “ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। কোনও প্ররোচনা ছাড়াই এই আক্রমণ চালানো হয়েছে।”

সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোটা ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। হস্টেল থেকে গেটের দিকে যেতে দেওয়া হচ্ছে না তাঁদের। ক্যাম্পাসের বাইরে যাওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ ছড়িয়ে থাকায় পরস্পরের সঙ্গে যোগাযোগ করতেও সমস্যায় পড়ছেন পড়ুয়ারা।

কর্তৃপক্ষ উল্লেখ করেছেন, “শিক্ষার্থীরা ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’-এর আড়ালে আগুন জ্বালানো, জোরে গান বাজানো, দিনভর ও গভীর রাত পর্যন্ত পার্টি করা, বহিরাগতদের অবৈধ ভাবে ক্যাম্পাসে এনে কর্মী ও শিক্ষকদের ভয় দেখানো এবং মাদক বা মদ্যপানের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ