ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদনকারীদের কেন তথ্য সংগ্রহ করছে পুলিশ? সুপ্রিম কোর্টে মামলা দায়ের!
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদনকারী ব্যক্তিদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো। শুক্রবার আইনজীবী গোপালশঙ্কর নারায়ণন এসআইআর মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে এই প্রসঙ্গের উল্লেখ করেন। তিনি গোটা বিষয়টি অত্যন্ত গুরুতর এবং বিচারবিভাগের কাজে হস্তক্ষেপ বলে অভিযোগ করেন। পাশাপাশি আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অগোচরে রাজ্য নিজের মতো করে তথ্য সংগ্রহ করছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোটা বিষয়টি কলকাতা হাইকোর্টে উল্লেখ করার পরামর্শ দিয়েছেন।
দু’দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাইবুনালে ঝুলে থাকা ভোটারদের কাছ থেকে তথ্য এবং নথি সংগ্রহ করছে পুলিশ। কার নির্দেশে এবং কী কারণে এই তথ্য ও নথি সংগ্রহ করছেন তারা, পুলিশের তরফে সে বিষয়ে স্পষ্ট কোনও জবাব দেওয়া হয়নি। তবে রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) অজয় রানাডের একটি নির্দেশের কপিতে দেখা যাচ্ছে ,ওই বার্তায় পুলিশকে একটি ‘স্বাধীন গবেষক গোষ্ঠী’ তৈরি করে ট্রাইবুনালে আপিল করা ভোটারদের তথ্য সংকলন (যা একটি ওয়েব সাইটে রয়েছে) ডাউনলোড করে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সেই তথ্য সম্পর্কে। এই নিয়ে কী ভাবে পুলিশ কাজ করবে তা উল্লেখ করতে গিয়ে একটি ভিডিয়ো কনফারেন্সের কথাও উল্লেখ করা হয়েছে ডিজি (আইনশৃঙ্খলা)-র বার্তায়।
অর্থাৎ, নবান্নের শীর্ষ কর্তাদের নির্দেশে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই এই তথ্য সংগ্রহ করতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা স্পষ্ট। কিন্তু ভোটার তালিকা, এসআইআরের মতো বিষয় যা নির্বাচন কমিশনের আওতাধীন, সেখানে এই তথ্য কি নিজের ইচ্ছে মতো পুলিশ সংগ্রহ করতে পারে? এ প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি রাজ্য পুলিশ বা প্রশাসনের তরফে।
তবে বিভিন্ন বিধানসভায় বিজেপি বিধায়কেরা ভোটারদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করে সমাজমাধ্যমে পোস্ট করছেন। নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করেছেন, ‘‘ভোটার তালিকায় যাঁদের নাম ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে, তাঁদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।’’ ওই পোস্টে সবাইকে থানায় জন্মশংসাপত্র, বিভিন্ন নথি এবং তার ফোটোকপিও নিয়ে যেতে বলা হয়েছে। বিজেপি বিধায়কের পোস্টের প্রসঙ্গ উল্লেখ করে জাতীয় কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসুর মন্তব্য, ‘‘তা হলে ধরে নিতে হবে বিজেপির অনুমোদনে পুলিশ এই তথ্য এবং নথি সংগ্রহের কাজ করছে!’’
আইনজীবী শামিম আহমেদের অভিযোগ, পুলিশ ‘আইনবিরুদ্ধ’ কাজ করছে। তিনি বলেন, ‘‘ভোটার তালিকা নিয়ে কোনও সিদ্ধান্ত একমাত্র নির্বাচন কমিশন নিতে পারে। পুলিশ এ ব্যাপারে কোনও ভাবেই নাক গলাতে পারে না। আসলে পুলিশ ভয় দেখাতে চেষ্টা করছে। পুরোটাই আইনবিরুদ্ধ।’’
রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিও একই ভাবে সরব হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, ‘‘একটা প্যানিক তৈরি করার চেষ্টা। যে ভাবে ২৭ লক্ষ মানুষের নাম বাদ রেখে ভোট পার করেছে, তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেটাকে বাগে আনতেই প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে।’’
কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের প্রশ্ন, ‘‘নির্বাচন কমিশন কি পুলিশকে দায়িত্ব দিয়েছে? তা হলে কমিশন বলুক। না হলে পুলিশ কোন অধিকারে নথি এবং তথ্য সংগ্রহ করছে?’’ শামিমের মতো কুণালেরও বক্তব্য, বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের উপর চাপ তৈরি করতেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে।
হাওড়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় যেখানে পুলিশ এই নথি এবং তথ্য সংগ্রহ করছে সেখানকার জেলা প্রশাসনের কর্তাদের দাবি, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না।
পুলিশ কী করে এই তথ্য সংগ্রহ করছে? তার প্রতিবাদ করে সিপিএমের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন দলীয় নেতা শমীক লাহিড়ি। সেখানে তিনি জনপ্রতিনিধি আইনের সংশ্লিষ্ট ধারার উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, কোন অধিকারে বা কার নির্দেশে পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীন বিষয়ে হস্তক্ষেপ করছে? মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর দফতরও ‘জানি না’ বলে দায় এড়াতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে, পুলিশ এবং কোথাও কোথাও সিভিক ভলান্টিয়াররাও বাড়ি বাড়ি যাচ্ছে ট্রাইবুনালে আবেদনকারী ভোটারদের তথ্য এবং নথি সংগ্রহ করতে। যে ফর্মে তাঁরা এই তথ্য নথিভুক্ত করছেন তাতে কোনও সরকারি দফতরের উল্লেখও নেই। এমনকি, জন্মশংসাপত্র থেকে শুরু করে আধার কার্ড বা জমির দলিলের ফোটোকপি পুলিশ জমা নিলেও তার কোনও প্রাপ্তি স্বীকার করে রসিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে স্থানীয় ভাবে মানুষকে সতর্ক করা হচ্ছে অনেক জায়গায়, যাতে তাঁরা পুলিশের হাতে তাঁদের ব্যক্তিগত নথি তুলে না দেন। তাতে পুলিশের হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কমিশনারেটের অধীনে ভবাগাছি-শিবদাসপুর এলাকায় ‘পুলিশ কী ভাবে নথি সংগ্রহ করছে’ প্রশ্ন করায় আনিসুর আলি খান নামে এক পঞ্চায়েত সদস্যকে পুলিশ দীর্ঘক্ষণ থানায় আটক করে রাখে বলে অভিযোগ তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের। অন্য দিকে, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছ থেকেও কোনও উত্তর পাওয়া যায়নি, কেন এই তথ্য সংগ্রহ করছে পুলিশ!
কলকাতা হাইকোর্টের আইনজীবী ঋতম চট্টোপাধ্যায় জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে বলেন, ‘‘পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থার কাজে নাক গলাতে পারে না তারা।’’
এসআইআর নিয়ে গবেষণা করা সাবির আহমেদের মতে, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে পুলিশের কোনও ভূমিকা নেই। তার পরেও তারা যা করছে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক।

