দেশ 

সোমবার থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন কোন অঙ্কে ভর করে আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে পারে মোদী সরকার?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত ছ’মাসে লোকসভায় সংখ্যার সমীকরণ বদলে গিয়েছে অনেকটাই। এনসিপিআই ‘মোড়কে’ তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ, শিবসেনা (ইউবিটি)-র ৬ সাংসদের সমর্থন ইতিমধ্যেই শাসক এনডিএ-র দিকে ঝুঁকে পড়েছে। জল্পনা রয়েছে, কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকে দূরে সরে থাকা ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থনও নরেন্দ্র মোদীর সরকারের দিকে যেতে পারে। এমনকি, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক এনসিপি (শরদ পওয়ার)-র ৮ জন লোকসভা সাংসদও সরকার পক্ষের পাশে দাঁড়াতে পারেন বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। বদলে যাওয়া এই আবহে সোমবার (৩০ নভেম্বর) লোকসভা এবং বুধবার (২ ডিসেম্বর) রাজ্যসভার বাদল অধিবেশনের বর্ধিত পর্ব।

সোমবার, ৩০ নভেম্বর লোকসভা এবং বুধবার, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হচ্ছে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু বৃহস্পতিবার জানিয়েছেন, ‘অত্যাবশ্যকীয় সরকারি কার্যাবলি সম্পন্ন করার’ উদ্দেশ্যেই বাদল অধিবেশনের বর্ধিত পর্ব আহ্বান করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে, বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ডাকার অর্থ হল ডিএমকে, এনসিপি (শরদ)-এর মতো দলগুলিকে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনের জন্য রাজি করিয়ে ফেলেছে সরকারপক্ষ। এই বিল আদতে সংবিধান সংশোধনী বিল। ফলে তা পাস করাতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় হলেও, ভোটাভুটি করাতেই হবে। ধ্বনিভোটে সংবিধান সংশোধনী বিল পাস করানো যাবে না।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকের প্রতিষ্ঠাতা প্রধান সি জোসেফ বিজয় শুক্রবার দাবি করেছেন, ইতিমধ্যেই ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে বিল সমর্থনের বিষয়ে রফা হয়ে গিয়েছে বিজেপির। এর আগে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর লোকসভায় এবং ২১ সেপ্টেম্বর রাজ্যসভায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সহযোগিতায় মহিলা সংরক্ষণ বিল (সংবিধানের ১০৬তম সংশোধনী বিল, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’) পাস করিয়েছিল মোদী সরকার। লোকসভার বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা ছিল তাতে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও তা কার্যকর করা হয়নি। সেই প্রশ্ন তুলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ শুক্রবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এটি ভারতের সংবিধানের উপরে আঘাত। সর্বশক্তিতে তার প্রতিরোধ করা উচিত এবং তা করা হবেও।’’ রমেশ জানিয়েছেন, কংগ্রেসের অবস্থান স্পষ্ট। আগামী ২৫ বছরের জন্য লোকসভার বর্তমান আসন সংখ্যা অপরিবর্তিত রাখা হোক। রাজ্যওয়াড়ি লোকসভার আসন যতগুলি রয়েছে, ২৫ বছর তা-ও অপরিবর্তিত থাকুক। ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ এবং সেই সংরক্ষণের আওতাতেই তফসিলি জাতি ও জনজাতির মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করা হোক।

৫৪৩ আসনের লোকসভায় বর্তমানে তিনটি আসন খালি রয়েছে। যে কোনও সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাস করানোর জন্য মোট ভোটদানকারী সাংসদদের দুই-তৃতীয়াংশের (৬৬.৬৭ শতাংশ) সমর্থন প্রয়োজন। অর্থাৎ, সব সাংসদ ভোটাভুটিতে অংশ নিলে ৩৬০ জনের সমর্থন পেতে হবে সরকারপক্ষকে। গত ১৭ এপ্রিল মোদী সরকার লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণের জন্য সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল, দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা না থাকায়। সে সময় উপস্থিত ৫২৮ জনের মধ্যে ৩৫২টি ভোট দরকার ছিল বিল পাস করাতে। সরকার পেয়েছিল ২৯৮টি। এর পরে তৃণমূল থেকে বেরনো (এনসিপিআই-তে যোগ দেওয়া) ২০ জন এবং উদ্ধবের শিবসেনা থেকে বেরোনো ৬ জনকে নিলে এনডিএ-র পক্ষে ৩২৪ জন রয়েছেন। ডিএমকে-র ২২ জন সরকারের পক্ষে ভোট দিলে এনডিএ-র ভোট ৩৪৬ হবে। দেশের সব রাজ্যে লোকসভা আসনের সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পাশাপাশি আগামী ২৫ বছরের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া স্থগিত রাখার ‘শর্ত’ শনিবার দেওয়া হয়েছে ডিএমকের তরফে।

এ ছাড়া শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র ৮ লোকসভা সাংসদের সমর্থনও যেতে পারে সরকারের দিকে। কারণ, স্ট্যালিন এবং শরদ-কন্যা সুপ্রিয়া সুলে দু’জনেই ইঙ্গিত দিয়েছেন সব রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানো হলে বিলটি নীতিগত সমর্থনে আপত্তি নেই তাঁদের (শুক্রবার শরদের এনসিপি তাঁদের সাংসদদের অধিবেশনে হাজির থাকার জন্য হুইপ দিয়েছে)। এর মধ্যে উঠে আসছে অন্য একটি সম্ভাবনার অঙ্কও। ডিএমকের ২২ এবং এনসিপি (শরদ)-র ৮ লোকসভা সাংসদ যদি ভোটাভুটিতে বিরত থাকেন, তা হলেও লক্ষ্যপূণ হয়ে যাবে মোদী-শাহদের। ডিএমকে এবং এনসিপি (শরদ)-র সমর্থন আদায়ের চেষ্টা করছে সরকার বলে রাজনৈতিক মহলে জল্পনা। তবে দুই দলই বিলের চূড়ান্ত রূপ এবং সরকারের আশ্বাসের উপর নিজেদের অবস্থান নির্ভর করবে বলে ইঙ্গিত দিয়েছে। ডিএমকের ২২ এবং এনসিপি (শরদ)-র ৮ লোকসভা সাংসদ যদি ভোটাভুটিতে বিরত থাকেন, তা হলেও লক্ষ্যপূরণ হয়ে যাবে মোদী-শাহদের। সে ক্ষেত্রে লোকসভায় ভোটাভুটিতে সর্বোচ্চ ৫১০টি ভোট পড়তে পারে। বিরোধীদের পক্ষে কোনও অবস্থাতেই বিল আটকানোর জন্য প্রয়োজনীয় ১৭০ সাংসদের সমর্থন পাওয়া সম্ভব হবে না।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে বাজেট অধিবেশনের তৃতীয় (বর্ধিত) পর্বে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের পেশ করেছিলেন লোকসভার আসন বাড়িয়ে ও পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত তিনটি বিল— ১. লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল (পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’)। লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার বিষয়টি এরই অন্তর্গত)। ২. লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত বিল। ৩. কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল (কেন্দ্রশাসিত অঞ্চলে আসনবৃদ্ধির উদ্দেশ্যে)।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ