দেশ 

রাহুল গান্ধীকে সুপ্রিম স্বস্তি ! আয়বহির্ভুত সম্পত্তি মামলায় ইডি-সিবিআই তদন্তের আদেশ বাতিল!

শেয়ার করুন

কংগ্রেস নেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) ও ইডি তদন্তের যে নির্দেশ এলাহাবাদ হাই কোর্ট দিয়েছিল, বুধবার তা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এলাহাবাদ হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশগুলি খারিজ করেছে।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, রাহুলকে এই মামলার একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। মামলাটি আবার হাই কোর্টে ফেরত পাঠানো হবে এবং একদম শুরু থেকে এর শুনানি করতে হবে। প্রধান বিচারপতি জানিয়েছেন, আদালত মামলার মূল অভিযোগের সত্যতা বা গুণাগুণ নিয়ে কোনও মন্তব্য করছে না। বরং শুনানির মৌলিক অধিকার নিশ্চিত করাই এই রায়ের উদ্দেশ্য।

মামলার অভিযোগকারী বিঘ্নেশ শিশির সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছিলেন, এফআইআর দায়ের হওয়ার আগের পর্যায়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানানোর কোনও সহজাত অধিকার নেই। এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী উল্লেখ করেন, নতুন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) অনুযায়ী, অভিযুক্তের বক্তব্য জানানোর পরিসর আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।

রাহুলের আইনজীবী প্রসন্ন এস আদালতে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের অতীত নির্দেশগুলির তীব্র বিরোধিতা করেন। তাঁর প্রধান অভিযোগ, রাহুলকে মামলার একটি পক্ষ হিসেবে মান্যতা না দিয়ে, তাঁর কোনও বক্তব্য না শুনেই সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, যা আইনের মৌলিক নীতির পরিপন্থী। তিনি আরও দাবি করেন, কোনও নির্দিষ্ট প্রমাণ বা যুক্তি ছাড়াই হাই কোর্ট একটি ‘ফিশিং’ এক্সপিডিশন বা উদ্দেশ্যহীন তদন্তের নির্দেশ দিয়েছিল। তা ছাড়া কোনও কারণ ছাড়াই বিচারকের খাসকামরায় শুনানি হয়েছে এবং নথিপত্র খামবন্দি রাখা হয়েছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ