কলকাতা 

অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ালো না হাইকোর্ট, শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ কংগ্রেস নেতা মিলন প্রধানকে

শেয়ার করুন

নন্দীগ্রামের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ আপাতত বাড়ছে না। বুধবার আদালত নির্দেশ দিল, আত্মসমর্পণ করতেই হবে মিলনকে। এর জন্য আগামী শুক্রবার পর্যন্ত তাঁকে সময় দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।

উপনির্বাচনের মুখে পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন মিলন। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মোট ছ’টি মামলা রুজু হয়েছিল। সবগুলিতেই অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন বিচারপতি ঘোষ। গত ২৯ সেপ্টেম্বর আদালত তাঁর তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। তার পরে আত্মসমর্পণের জন্যও বলা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ শর্তসাপেক্ষে ২৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে আদালত।

তবে এ বার আত্মসমর্পণ না-করে ফের জামিনের জন্য আবেদন করায় মিলনের উপর অসন্তুষ্ট হাই কোর্ট। বিচারপতি ঘোষের নির্দেশ, ২৭ নভেম্বরের (শুক্রবার) মধ্যে আত্মসমর্পণ করতে হবে মিলনকে। পরবর্তী সময়ে রেগুলার বেঞ্চে তিনি জামিনের আবেদন জানাতে পারবেন।

১৯ বছরের পুরনো মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় মিলনকে। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন পর্বে খুন, খুনের চেষ্টা, লোকজন নিয়ে জমায়েত, লুটপাট-সহ নন্দীগ্রাম থানায় তিনটি মামলা রুজু হয়। পাশাপাশি খেজুরি থানাতেও মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও বিরোধীদের দাবি, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ’ করতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ