পাকিস্তানের সিরিজ় দেখানো যাবে না ভারতে! নেটফ্লিক্সকে নির্দেশ দিল কেন্দ্র
ভারত থেকে যেন পাকিস্তানের কোনো ছবি বা সিরিজ দেখা না যায় এ বিষয়ে নেটফ্লিক্সকে নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ভারতে যেন পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ় দেখানো না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে ওটিটি সংস্থাকে। আগামী ৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিরিজ়টির।
মন্ত্রক সূত্রে খবর, ভারতে এই সিরিজ়ের মুক্তি নিয়ে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়েছে। তার পরেই ২০২৫ সালের ৮ মে অর্থাৎ পহলগাম হামলার পরে জারি হওয়া কেন্দ্রীয় নির্দেশিকা নেটফ্লিক্সকে মেনে চলার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় ভারতের সমস্ত ওটিটি মঞ্চ, ডিজিটাল মাধ্যম-সহ সব সংস্থাকে পাকিস্তানে তৈরি ছবি বা সিরিজ়ের সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল।
কিছু দিন আগেই জানা যায় নেটফ্লিক্সে আসছে ফওয়াদের সিরিজ়। ভারতেও একাধিক কাজ করেছেন ফওয়াদ এবং এ দেশে তাঁর অনুরাগীও কম নয়। মাহিরাও কাজ করেছেন শাহরুখ খানের ছবিতে। ফলে তাঁদের এই সিরিজ় নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। কিন্তু তার পরেই ভারতে সেটি বন্ধ করার দাবি তুলেছিল ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকেও চিঠি পাঠিয়েছিল সংগঠনটি। আর এ বার কেন্দ্রের তরফ থেকেই নেটফ্লিক্স ইন্ডিয়াকে সতর্ক করে দেওয়া হল।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। তার পরেই জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। সেখানেই বলে দেওয়া হয়েছিল, দুই দেশের শিল্পীরা একসঙ্গে কোনও কাজ করতে পারবেন না।
