জেলা 

ইসলামপুর শহরের নাম বদলে ঈশ্বরপুর করার দাবী জানালো বিশ্ব হিন্দু পরিষদ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : যোগী আদিত্যনাথ এর কায়দায় এবার কি পশ্চিমবাংলাতেও জায়গার নাম পরিবর্তনের হিড়িক হতে চলেছে? কারণ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ঈশ্বর পূর করার দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার শহরজুড়ে ঈশ্বরপুরের দাবিতে পোস্টার দেখা গেল। পোস্টারে লেখা বিশ্ব হিন্দু পরিষদের নাম। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। ইসলামপুরের বাম ও কংগ্রেস নেতৃত্ব ভিএইচপি-র এই দাবির বিরোধিতা করেছে।

ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার দাবিতে সরব হয়ে শহরে প্রবেশের মুখে ‘ঈশ্বরপুর শহরে স্বাগত’ ব্যানার ঝুলিয়ে আন্দোলন আরও জোরদার করল বিশ্ব হিন্দু পরিষদ। আর তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বুধবার রাত থেকে এই ব্যানার চোখে পড়ে। বৃহস্পতিবার ইসলামপুরের পথে নেমে সরব হতে দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদের নেতা,কর্মীদের। এবার আন্দোলন শহরের মধ্যে আর সীমাবদ্ধ রইল না। শহর ছাপিয়ে বিস্তীর্ণ ইসলামপুর এলাকায় ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় ‘ঈশ্বরপুর’ নামে ব্যানার টাঙিয়ে প্রচারের মাত্রা আরও তীব্র করল ভিএইচপি। ইসলামপুর শহরে প্রবেশের পথেও লাগানো হল ‘ঈশ্বরপুর স্বাগত’ লেখা ব্যানার ও পোস্টার।

এই ঘটনা ঘিরে শহরজুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা ইসলামপুর শহরের বাস টার্মিনাস, শ্রীকৃষ্ণপুর ও অলিগঞ্জ এলাকায় এই ব্যানার ও পোস্টার লাগান হয়। পাশাপাশি শহরে প্রবেশের বিভিন্ন পথে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে ‘ঈশ্বরপুর স্বাগত’ লেখা ব্যানার ও পোস্টার লাগানো হয়। ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করার দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি বলে জানা গিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শশাঙ্ক গঙ্গোপাধ্যায় জানান, নির্বাচনে আগে ইসলামপুরে এক সভা থেকে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শহর ও শহরের প্রবেশের মুখেই এই ধরনের ব্যানার ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রতিশ্রুতি পালনের প্রথম ধাপ বলে নতুন করে শুরু হয়েছে চর্চা। কংগ্রেসের সাধারণ সম্পাদক হারুন রশিদ বলেন, ‘‘দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামপুর রয়েছে। নাম পরিবর্তনের কোনও কারণ দেখছি না। এটা ইতিহাস বদল করা হবে।” সিপিএমের শিক্ষক নেতা তাপস দাসের কথায়, ‘‘ইতিহাস বদলে দেওয়া চক্রান্ত।” সবমিলিয়ে, গোটা ঘটনায় ইসলামপুর শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ