কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গল্প কবিতায় মুখর ত্রিনেত্রার বৈঠক 

শেয়ার করুন

সংবাদদাতা বাংলার জনরব: গত ২১ নভেম্বর ২০২৬ গড়িয়া দেশ গৌরব পাঠাগারে অনুষ্ঠিত হলো সাহিত্য পত্রিকা ‘ত্রিনেত্রা‘র সান্ধ্যকালীন সাহিত্য বৈঠক . বিশিষ্ট কবি আলমগীর রাহমানের সভাপতিত্বে আয়োজিত সাহিত্য বৈঠকের শুভ সূচনা হয় শিল্পী মধুমিতা ভট্টাচার্য ও লোপামুদ্রা সরকারের দ্বৈতকণ্ঠে ‘হিমের রাতে ওই গগনের দীপগুলিরে” সমবেত সংগীত দিয়ে। এরপর উপস্থিত কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পীর নিজনিজ পরিবেশনায় মুখর হয়ে ওঠে বৈঠক । ত্রিনেত্রা সাহিত্য গোষ্ঠীর প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবারের সাহিত্য বৈঠকটি কলকাতা মহানগর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার নবীন প্রবীণ সাহিত্যিকদের একটি মিলন কেন্দ্রে পরিণত হয়েছে । বৈঠকে উপস্থিত লেখক লেখিকাদের মধ্যে একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ করে শোনান বর্ষীয়ান কবি কৃষ্ণা গুহ, সত্যজিৎ চৌধুরী, বিধান চন্দ্র খাঁ, গৌরব কুমার নাথ, জয়িতা ভট্টাচার্য, সম্পা বৈদ্য দে, আলমগীর রাহমান । কবিতার অবয়বে তাৎপর্যপূর্ণ শ্লেষাত্মক ভৌতিক গল্প ‘শূন্য ঘরের অতিথি‘ পাঠ করে শোনান বৈঠকের সঞ্চালক প্রিয়াংশু বিশ্বাস । ত্রিনেত্রার সম্পাদক তথা বিশিষ্ট কবি বিকাশ সরকারের কবিতা ‘ শকুন্তলা ‘ পাঠ করে শোনান ত্রিনেত্রার সভাপতি ওরফে পাঠাগারের গ্রন্থাগারিক মধুমিতা ভট্টাচার্য । শিশু শিল্পী আদৃকা দে আবৃত্তি করে শোনায় রবীন্দ্রনাথের ‘ সাধ ‘ কবিতাটি ।

এদিন বৈঠকে স্বরচিত গল্পপাঠের পর্যায়টি বেশ উপভোগ হয়ে ওঠে । গল্পপাঠ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে দেন সাহিত্যিক সিরাজুল ইসলাম ঢালী, কথা শিল্পী সেখ আব্দুল মান্নান ও প্রভাত কুমার মৈত্র ।

এদিন সাহিত্যিক আব্দুল মান্নান দেশ গৌরব পাঠাগারের উদ্দেশে তাঁর প্রথম উপন্যাস ‘জীবন খাতার পাতায় পাতায়’র একটি কপি তুলে দেন গ্রন্থাগারিক মধুমিতা ভট্টাচার্যর হাতে ।

বৈঠকে পরিবেশিত গান, কবিতা, গল্প, আবৃত্তি সম্পর্কে সভাপতির মূল্যায়নের মধ্যে দিয়ে এদিনের সাহিত্য বৈঠকের পরিসমাপ্তি হয় ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ