স্টালিনদের দাবি মেনে সব রাজ্যেই লোকসভা আসন ৫০ শতাংশ বাড়বে, ২৫ বছর একই থাকবে, বিল পাসে মরিয়া কেন্দ্র
লোকসভার আসন বাড়ানো ও পুনর্বিন্যাসের লক্ষ্যে আর এক ধাপ এগোল কেন্দ্র। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে—
১. পুনর্বিন্যাস পর্বে দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়বে।
২. লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হওয়ার পরে রাজ্যওয়াড়ি যতগুলি হবে, আগামী ২৫ বছর তা অপরিবর্তিত থাকবে।
নতুন বিলের খসড়া শুক্রবার অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঘটনাচক্রে, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন শুক্রবার সকালে এমন দাবি করেছিলেন। এর ফলে ডিএমকের ২২ জন লোকসভা সাংসদের সমর্থন মোদী সরকার নিশ্চিত করে ফেলল বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।
আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরু হতে চলেছে। সেখানে কেন্দ্র ১৩১তম সংবিধান সংশোধনী বিল (লোকসভার আসন বাড়িয়ে এবং পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত) পাস করানোর চেষ্টা করতে পারে বলে শুক্রবার সরকারি সূত্র উদ্ধৃত করে বৃহস্পিতবারই প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল। সোমবার, ৩০ নভেম্বর লোকসভা এবং বুধবার, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হচ্ছে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই বিল পাসের চেষ্টা হবে বলে শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা।
এখনও পর্যন্ত নতুন জনগণনা না হওয়ায় আনুপাতিক আসনসংখ্যা নির্ধারণের ভিত্তি হিসেবে ১৯৭১ সালের জনগণনা ব্যবহার করার ওপর স্থগিতাদেশের মেয়াদ ২৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এর ফলে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসনের আনুপাতিক হার অপরিবর্তিত থাকবে। আগে স্থির হয়েছিল ২০২৬ সালের পর প্রথম জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক সময়সীমা ধার্য করা হবে। কিন্তু দ্রুত বিল পাসের তাগিদে ২০৫১ সাল পর্যন্ত ১৯৭১ সালের জনগণনার অনুপাত বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু স্ট্যালিনের ডিএমকে নয়, ৫০ শতাংশ আসন বাড়ানোর সিদ্ধান্তের ফলে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ)-এর ৮ লোকসভা সাংসদও বিলকে সমর্থন করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। সেই সঙ্গে তৃণমূল থেকে এনসিপিআই হওয়া ২০ সাংসদের সমর্থনে বাদল অধিবেশনের বর্ধিত পর্বে মোদী সরকার বিল পাস করিয়ে নিতে পারবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে।
ঘটনাচক্রে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকের প্রতিষ্ঠাতা প্রধান সি জোসেফ বিজয় শুক্রবার সকালেই দাবি করেছিলেন, ইতিমধ্যেই ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে বিল সমর্থনের বিষয়ে রফা হয়ে গিয়েছে বিজেপির। এর আগে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর লোকসভায় এবং ২১ সেপ্টেম্বর রাজ্যসভায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সহযোগিতায় মহিলা সংরক্ষণ বিল (সংবিধানের ১০৬তম সংশোধনী বিল, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’) পাস করিয়েছিল মোদী সরকার। লোকসভার বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা ছিল তাতে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও তা কার্যকর করা হয়নি, সে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধীরা। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

