কলকাতা 

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চের নির্দেশ, স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

বিধানসভা নির্বাচনে এ বার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসেবে তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা স্পিকারকে জানিয়ে গত ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন।

ওই মামলায় ১৬ নভেম্বর বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কার্যত প্রশ্ন তোলে কলকাতা হাই কোর্ট। বিরোধী দলের তরফে নেতা নির্বাচনের ক্ষেত্রে তাদের দলীয় সংবিধান এবং চিঠি পাওয়ার পরে বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত বৈঠকের সিদ্ধান্ত (রেজ়োলিউশন) চাওয়ার প্রয়োজনীয়তা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি রাও।

বিচারপতি রাও গত শুনানিতে প্রশ্ন তুলেছিলেন, ৭৮ জনের দাবি উপেক্ষা করে ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে কেন গুরুত্ব দেওয়া হল? বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না? রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্তকে কি এড়িয়ে যেতে পারেন স্পিকার? ওই দিনের শুনানিতে প্রথমে রাজ্যের আইনজীবী সূর্যনীল দাস স্পিকারের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণ আদালতকে জানাতে চান। তখনই বিচারপতির মন্তব্য, “এখন কি আপনারা ঘাটতি পূরণের উপায় খুঁজছেন?” এর পর স্পিকারের হয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য নিজের কাছে থাকা তথ্যের ভিত্তিতে ঘটনাক্রম ব্যাখ্যা করতে চান।

রাজ্যের বক্তব্য ছিল, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না হওয়ায় সব বিষয় নির্ধারণ করা সম্ভব ছিল না। স্পিকারকে পাশ কাটিয়ে বিরোধী দলনেতা নির্বাচন করা যায় না। ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন স্পিকার। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে-র স্বাক্ষরিত একটি রেজ়োলিউশন পাঠানো হয়। পরে বিরোধীপক্ষের অভিযোগ পান তিনি। এরপর এফআইআর দায়ের হয়। রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি।

গত ১৮ অগস্ট এই মামলায় রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বিধানসভার স্পিকার কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও দায়িত্ব পালনের সময় তাঁকে নিরপেক্ষ ও পক্ষপাতহীন থাকতে হবে। রাজনৈতিক পরিচয় তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। একই সঙ্গে আদালত জানায়, বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে শুধু বিধায়কদের সংখ্যার দিকে তাকালেই হবে না। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তও বিবেচনা করতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ