লোকসভার আসন বাড়ানোর বিলকে সমর্থন ডিএমকের, মোদী শাহের স্বস্তি
শেষ পর্যন্ত লোকসভার আসন বাড়ানোর বিল সমর্থনের সিদ্ধান্ত নিল ডিএমকে। দলের প্রধান এমকে স্ট্যালিন এবং সংসদীয় নেতা টিআর বালুর উপস্থিতিতে শনিবার দলের কর্মিসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর ডিএমকের দুই সাংসদ আন্দিমুথু রাজা এবং দয়ানিধি মারান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। রাজা বলেন, ‘‘যে সূত্র মেনে আসন বাড়ানো হচ্ছে, তাতে তামিলনাড়ুর কোনও ক্ষতি হবে না।’’ লোকসভায় ২২ এবং রাজ্যসভায় ৮ জন সাংসদ রয়েছে ডিএমকের। তাদের বিল সমর্থনের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর সরকারকে অনেকটাই স্বস্তি দিল।
ঘটনাচক্রে, শুক্রবার সকালেই ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এই আসন পুনর্বিন্যাস নিয়ে নির্দিষ্ট কিছু দাবি জানান। তিনি জানিয়েছিলেন, তামিলনাড়ুর স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্তে সায় দেবে না তাঁর দল। স্ট্যালিনের দাবি ছিল, কোনও অবস্থাতেই লোকসভায় তামিলনাড়ুর ভাগের ৭.১৮ শতাংশ আসন কমানো যাবে না। খসড়া বিল অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন ৫০ শতাংশ বাড়বে। ফলে লোকসভায় তামিলনাড়ুর ভাগের আসন সংখ্যা কমার কোনও সম্ভাবনা থাকছে না। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত রাজ্যওয়াড়ি সংসদীয় প্রতিনিধিত্বের বর্তমান অনুপাতে অন্তত আগামী ২৫ বছরে যাতে কোনও পরিবর্তন না-হয়, সেই দাবিও জানিয়েছিলেন স্ট্যালিন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের দ্বিতীয় সিদ্ধান্ত স্ট্যালিনের সেই দাবিকেই সমর্থন করেছে।
বাদল অধিবেশনের বর্ধিত পর্বে ১৩১তম সংবিধান সংশোধনী বিল (লোকসভার আসন বাড়িয়ে এবং পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত) পাস করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র, এমনই দাবি সরকারি সূত্রে। তবে সেই বিল পাস করানোর জন্য বিজেপি সমর্থিত এনডিএর কাছে পর্যাপ্ত সাংসদ-সংখ্যা নেই। ৫৪৩ আসনের লোকসভায় বর্তমানে তিনটি আসন খালি রয়েছে। যে কোনও সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাস করানোর জন্য মোট ভোটদানকারী সাংসদদের দুই-তৃতীয়াংশের (৬৬.৬৭ শতাংশ) সমর্থন প্রয়োজন। অর্থাৎ, সব সাংসদ ভোটাভুটিতে অংশ নিলে ৩৬০ জনের সমর্থন পেতে হবে সরকার পক্ষকে। গত ১৭ এপ্রিল মোদী সরকার লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণের জন্য সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল, দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা না-থাকায়। সেই সময় উপস্থিত ৫২৮ জনের মধ্যে ৩৫২টি ভোট দরকার ছিল বিল পাস করাতে। সরকার পেয়েছিল ২৯৮টি। তবে গত কয়েক মাসে রাজনৈতিক সমীকরণ অনেক বদলেছে। শিবসেনা (উদ্ধব) এবং তৃণমূলের ভাঙন, এনসিপি (শরদ) এবং ডিএমকের সমর্থনপুষ্ট মোদী সরকার এ বার লক্ষ্যপূরণ কার্যত নিশ্চিত করে ফেলল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

