মুর্শিদাবাদের দুর্ঘটনায় ধৃত গেটম্যান, মৃতদের পরিবার পাবে ১০ লক্ষ করে ক্ষতিপূরণ,সিগন্যালিং ব্যবস্থায় কোনও গোলযোগ ছিল না দাবি রেলের
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে, তার প্রকৃত কারণ কী? খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী কমিটি গঠন করল রেল। যদিও রেলের প্রাথমিক অনুমান, সিগন্যালিং ব্যবস্থায় কোনও গোলযোগ ছিল না, গেটম্যান অনুপ কর্মকারের গাফিলতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। অন্য দিকে, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, প্রতিটি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। আর গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছে রেল।
মুর্শিদাবাদের দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার স্কুলপড়ুয়া-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আহত আরও কয়েক জন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। রেলের তরফে অবশ্য এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছে ন’বছরের জেসিকা ইয়াসমিন এবং বছর ছয়েকের ফারহানা সুলতানা। এ ছাড়াও জামশেদ আলি নামে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শচীন মক্কর পাঁচ জনের মৃত্যু খবর জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭টা নাগাদ গোবিন্দপুর রেলগেটটি পার করার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুলভ্যান। স্থানীয়দের দাবি, আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই বেশ কয়েক জন স্কুলপড়ুয়াকে নিয়ে গাড়িটি রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ডাউন লাইন দিয়ে তীব্র গতিতে ধেয়ে আসে নিমতিতা-কাটোয়া লোকাল এবং সরাসরি ধাক্কা মারে স্কুলভ্যানটিতে।
রেলের প্রাথমিক ধারণা, গেটম্যান এবং সুপারভাইজ়ারের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পরই ওই গেটম্যানকে আটক করে বহরমপুর থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। রেলের তরফে গেটম্যান এবং ওই সুপারভাইজ়ারকে ইতিমধ্যেই নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণ তদন্তের কথা জানিয়েছে রেল। সেই কারণে বিশেষ কমিটি গড়ে তদন্তভার তাদের হাতে দেওয়া হয়েছে।

