কলকাতা 

নিউমার্কেটের হোটেলের অগ্নিকাণ্ডে গ্রেফতার অন্তিম অভিযুক্ত সবা জাফর

শেয়ার করুন

নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলেন অন্তিম অভিযুক্ত সবা জ়ফর। আগেই গ্রেফতার হয়েছিলেন আরও এক অভিযুক্ত, সবা-র স্বামী আবু জ়ফর। এ বার হাওড়ার শিবপুরে অভিযান চালিয়ে সবাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও গুন্ডাদমন শাখা। সূত্রের খবর, সবা-র নামেই লিজ় (ইজারা) নেওয়া হয়েছিল হোটেলটি।

১৮ অগস্ট রাত ২টো নাগাদ মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলের তিনতলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। সেই আগুন ছড়ায় আশপাশে। আতঙ্কে আবাসিকেরা ছোটাছুটি শুরু করেন। যে হোটেলে আগুন লাগে তার একটি ভবন পরেই দমকলের সদর দফতর। খবর পেয়ে সেখানে পৌঁছোয় দমকলকর্মীরা।

ঘটনাস্থলে পৌঁছোয় নিউ মার্কেট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রথমে বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। পরে তাঁরা হোটেলের ভিতরে ঢুকে উদ্ধারকাজ শুরু করেন। আগুন যখন লাগে তখন হোটেলের আবাসিকেরা ঘুমিয়ে ছিলেন। সূত্রের খবর, ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েক জন অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শিশু-সহ ন’জনের মৃত্যু হয়।

হোটেল মালিক বীরেশ্বর মিত্র ঘটনার পর পলাতক ছিলেন। তাঁকে ২২ অগস্ট বেহালার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তিনি জানান, হোটেলটি মাসিক ৪০ হাজার টাকার চুক্তিতে আবু জ়ফর নামে এক ব্যক্তির কাছে ইজারা দিয়েছিলেন। আবুকে বুধবারই আটক করেছিল পুলিশ। বীরেশ্বরের বয়ানের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে জানা গিয়েছিল ইজারাটি তাঁর স্ত্রী সবা জ়ফরের নামও রয়েছে। তিনি পলাতক ছিলেন এত দিন। অবশেষে বুধবার তাঁকে গ্রেফতার করা হল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ