দেশ 

সুপ্রিম ধমকেই জীবন দায়ী ওষুধের দাম ৮০ থেকে ৯০ শতাংশ কমে গেল!

শেয়ার করুন

সুপ্রিম ধমকেই কেল্লাফতে। দাম ছিল ৪০ হাজার টাকা। হয়ে গেল ২,৭২০ টাকা! ৮০ হাজারের মহার্ঘ ওষুধ এখন মিলবে ৭ হাজার ১৫০ টাকায়! ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি গোত্রের ৫৪৩টি ওষুধের দাম ৯০ শতাংশ পর্যন্ত কমার কথা জানিয়ে তালিকা প্রকাশ করল ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ)। আগামী ৯ নভেম্বর থেকে সংশোধিত দাম কার্যকর হবে।

এক ধাক্কায় ক্যানসারের ওষুধের দাম কমার নেপথ্যে কি সুপ্রিম-দাওয়াই? জীবনদায়ী ওষুধ এমআরপি দামে বিক্রি করা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিবেচনাধীন রয়েছে। গত ২২ সেপ্টেম্বর সেই মামলার শুনানিতে ক্যানসারের ওষুধের অস্বাভাবিক দাম নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিল বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। মামলার শুনানি চলাকালীন বিচারপতি মেহতা জানান, ক্যানসারের এমন ওষুধ রয়েছে যা উৎপাদনকারী সংস্থা খুচরো বিক্রেতাকে ২,৭০০ টাকায় বিক্রি করছে। কিন্তু সেই ওষুধেরই সর্বাধিক বিক্রয় মূল্য (এমআরপি) লেখা রয়েছে ২৭ হাজার টাকা! ওই দিন বিচারপতি মেহতা তাঁর পর্যবেক্ষণে বলেছিলেন, ‘‘এটা দিনে ডাকাতি ছাড়া আর কী! একজন রোগীর সঙ্গে এ ভাবে প্রতারণা করা যায়? উৎপাদনকারী সংস্থা যে ওষুধ ২,৭০০ টাকায় খুচরো বিক্রেতাকে দিচ্ছে, সেটাই ২৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে কী ভাবে? যাঁদের এ বিষয়ে পদক্ষেপ করা দরকার এ ক্ষেত্রে তাঁদের নীরবতা দুর্ভাগ্যজনক।’’

ঘটনাচক্রে, এর পরেই গত সপ্তাহে ১৩৭টি নন-শিডিউলড ক্যানসারের ওষুধে লাভের সীমা ৩০ শতাংশ বেঁধে দেওয়ার কথা ঘোষণা করে এনপিপিএ। সেই ঘোষণার পরেও এনপিপিএ শীর্ষ আদালতের ভর্ৎসনা থেকে রেহাই পায়নি। একই মামলায় গত মঙ্গলবারের শুনানিতে বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চের প্রশ্ন ছিল, ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির উপরে সরকারি নজরদারি নেই কেন? এনপিপিএ-র ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। ঘটনাচক্রে, এর পরই প্রকাশিত হয় এনপিপিএ-র তালিকা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ