ঘূর্ণিঝড় অর্নবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে মৃত পাঁচ, বিপর্যস্ত ওড়িশা!
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব এখনও অব্যাহত অন্ধ্রপ্রদেশ, ওড়িশায়। এই প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃত্যুর খবর এসেছে বিশাখাপত্তনম, আনারাপল্লি, কাকীনাডা, কোনাসীমা এবং পশ্চিম গোদাবরী থেকে। ঘূর্ণিঝড়ের জেরে কারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে গাছ পড়ে।
প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে অর্ণব। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫-১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও কোথাও ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশে। এ ছাড়া ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও চলছে ঝড়ের তাণ্ডব।
মৌসম ভবন সূত্রে খবর, ঘণ্টাছয়েক ধরে চলে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া। সকাল সাড়ে ৮টা নাগাদ ওই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ ঢুকে পড়ে স্থলভাগে। আর তার পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়টি। অর্ণবের প্রভাবে অন্ধ্র এবং ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি। দুই রাজ্যের ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাঘাত ঘটেছে বিদ্যুৎ পরিষেবাতেও। অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়েছে বলে খবর।

