Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে চলতে পারে বজ্রপাতও। মৌসম ভবন জানিয়েছে, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করেছে। পুরুলিয়াতেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণের ওই অবশিষ্ট অংশে বর্ষা ঢুকে যাবে।
রবিবার কলকাতার বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও কেবল রবিবারই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। হুগলিতে ঝড় হতে পারে বুধবারও। এ ছাড়া, নদিয়ায় বুধবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে।
পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রায় প্রতি দিনই ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পুরুলিয়ায় শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। তবে আপাতত সমুদ্রে কোনও সতর্কতা নেই।
ঝড়বৃষ্টির কারণে উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী সাত দিন তাপমাত্রা একই রকম থাকবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।

