আন্তর্জাতিক 

লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালালো সৌদি আরব, ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল হুথি

শেয়ার করুন

লোহিত সাগরে ফের আক্রান্ত জাহাজ। কিন্তু এ বার নিশানায় সৌদি আরবের সেনা! বৃহস্পতিবার ভোরে জুকার দ্বীপের কাছে ওই ‘ইয়ট’ গোত্রের ছোট জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির দাবি, সৌদি আরবের সেনাই ওই হামলা চালিয়েছে।

ইয়টের যাত্রী ১৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধারের পাশাপাশি ডুবন্ত জলযানটিকে বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও হুথি দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সৌদির এই বেপরোয়া কর্মকাণ্ড লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও নৌ-নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক।’’ সৌদি আরবের তরফে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনও জবাব মেলেনি। নয়াদিল্লির তরফেও এ সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

২০২৩ সালে অক্টোবর মাসে গাজ়ায় ইজ়রায়েল-হামাস যুদ্ধ শুরু হয়েছিল। এর মাসখানেক পর থেকেই লোহিত সাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অসামরিক জাহাজগুলির উপর হামলা শুরু হয়। সে সময় অভিযোগ উঠেছিল শিয়া সশস্ত্র বাহিনী হুথির দিকেই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার পরে লোহিত এবং এডেন উপসাগরের সংযোগকারী বাব আল-মান্দেব প্রণালীতে ধারাবাহিক ভাবে তেল ও পণ্যবাহী জাহাজে হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে সৌদি আরবের মদতে পুষ্ট ইয়েমেনের সরকারি সেনার হাত থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দেবের তীরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ছিনিয়ে নিয়েছে তারা। এই পরিস্থিতিতে তাদের উৎখাত করতে নতুন করে অভিযানে নেমেছে সৌদি বাহিনী।

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ