কলকাতা 

Bengal Weather Update: গরম থেকে স্বস্তি! দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আর মাত্র দিন দুয়েক সময়। এরই মাঝে দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। শনিবার,আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিস্তীর্ণ অংশে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

শনিবার এবং রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও সেই সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার পর্যন্ত। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী সাত দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা নেই।

উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে।

উত্তর বা দক্ষিণবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের উপর আরও কিছুটা অগ্রসর হয়েছে। রাজ্যের বাকি অংশেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি। আগামী দু’-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বাকি অংশ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারে বর্ষা প্রবেশ করতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ