কলকাতার আকাশে এক ঝাঁক ড্রোন, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
এবার কলকাতার আকাশে দেখা গেল ড্রোন। একটা নয়, একেবারে ৮ থেকে ১০ টি। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার প্রাণকেন্দ্রের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। আকাশে দেখা মেলে ৮ – ১০ টি ড্রোনের। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওড়ে ড্রোনগুলি।
মহেশতলা এলাকার দিক থেকে উড়ে আসে ড্রোনগুলি। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে ড্রোনগুলি। উড়ন্ত ড্রোনকে প্রথম দেখেন কলকাতা পুলিশের আধিকারিকরা। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়। ওই অঞ্চলের সমস্ত থানাকে সতর্ক করা হয়। থানার পক্ষ থেকে টিম রাস্তায় নামে।

দুটি ড্রোন পূর্ব কলকাতা ও দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে বেরিয়ে যায়। ড্রোনের রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ
ড্রোন-রহস্যের তদন্তে গোয়েন্দা দফতরও। কোথা থেকে এল ড্রোন, সেই রহস্যের এখনও মীমাংসা হয়নি। ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার এখানেই । এই অঞ্চলে ড্রোন ওড়াতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে ড্রোনের কোনও অনুমতি নেওয়া ছিল না।
লালবাজারের তরফে অ্যালার্ট করা হয় দক্ষিণ ও মধ্য কলকাতার সমস্ত থানাকে। রাস্তায় নামে পুলিশ। সূত্রের খবর, শেষপর্যন্ত ড্রোনগুলি কোথায় নামানো হয়েছিল, সেটা ট্র্যাক করা যায়নি। কে বা কারা বিনা অনুমতিতে এতগুলি ড্রোন ওড়াল, তা নিয়েও অন্ধকারে পুলিশ। সেনাবাহিনী, বায়ুসেনা, কলকাতা পুলিশের পাশাপাশি তদন্ত করছে IB । সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, ড্রোনের কার্যকলাপ সম্পর্কিত তথ্য যাচাই করা হচ্ছে।

