কলকাতা 

পুলিশ কর্মী বাবার হাতে ধর্ষিত কিশোরী মেয়ে! গ্রেফতার অভিযুক্ত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুলিশ কর্মী বাবার হাতে ধর্ষিত হলেন কিশোরী মেয়ে। ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে। অভিযোগ,কিশোরী কন্যাকে দু’মাস ধরে ধর্ষণের করেছে বাবা। ওই কিশোরী নিজেই বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। তার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি নিজেও এক জন পুলিশকর্মী।

বৃহস্পতিবার ১৩ বছরের কিশোরী পর্ণশ্রী থানায় গিয়ে নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সে পুলিশকে জানিয়েছে, অক্টোবর মাস থেকে তার বাবা তাকে ধর্ষণ করছেন। চলছে নানাবিধ অত্যাচার। মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটাচ্ছেন অভিযুক্ত, দাবি কিশোরীর।

তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ জানিয়েছে, পর্ণশ্রী থানা এলাকায় একটি বাড়িতে বাবা, মা এবং বোনের সঙ্গে থাকত ওই কিশোরী। তার বোনের বয়স সাত বছর। অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাদের বাবা এবং মায়ের ঝগড়া হয়। বচসার পর কন্যাদের রেখেই মা বাড়ি ছেড়ে চলে যান। তার পর থেকে বাবার সঙ্গেই থাকছে দুই বোন। অভিযোগ, গত দু’মাসে ফাঁকা বাড়িতে একাধিক বার কিশোরী কন্যাকে ধর্ষণ করেছেন তার বাবা। কিশোরী নিজে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে ওই অভিযোগ জানিয়েছে।

পর্ণশ্রী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। কিশোরীর বাবা নিজেও এক জন পুলিশকর্মী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ