ইরানকে সাহায্যের অভিযোগ চার ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা!
ঘুরপথে ইরানকে সাহায্যের অভিযোগ। এক ভারতীয় দম্পতি-সহ এ দেশের চার নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। ওই দম্পতির সংস্থা ছাড়াও তুরস্কের একটি সংস্থার উপরেও নিষেধাজ্ঞার কোপ পড়েছে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আমেরিকার রাজস্ব দফতর।
চণ্ডীগড়ের বাসিন্দা সুনীলকুমার শর্মা এবং যশপ্রীত প্রীতি শাহিদ নামের ওই দম্পতি ইরানের তেলবাহী জাহাজগুলিকে অবৈধ ভাবে ছাড়পত্র দিতেন বলে অভিযোগ আমেরিকার। মার্কিন রাজস্ব দফতরের দাবি, ভারতীয় দম্পতির এই সংস্থা অবৈধ উপায়ে ইরানের তেলবাহী জাহাজগুলির রেজিস্ট্রেশন করিয়ে দিত। এই জাহাজগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও নকল শংসাপত্র পাইয়ে দিত। এই ভুয়ো সংস্থায় কাজ করা আরও দুই ভারতীয় অশ্বিনীকুমার ধীমান এবং ইশবিন্দর সিংহের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
প্রসঙ্গত, তেল বিক্রির টাকা ইরান যাতে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে বিনিয়োগ করতে না-পারে, তার জন্য ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছেন ট্রাম্প। এই অভিযানের অংশ হিসেবে ইরান থেকে যাওয়া কিংবা ইরানের দিকে যাওয়া সমস্ত তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। ঘুরপথে ইরানের সঙ্গে বাণিজ্য করলে, কিংবা তেহরান অর্থনৈতিক ভাবে লাভবান হয়, এমন কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। বুধবার আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্ট এই প্রসঙ্গে বলেন, “হয় আপনি আমাদের পক্ষে, না-হলে বিপক্ষে। যাঁরা এখনও ইরানকে সমর্থন করে যাচ্ছেন, আমরা তাঁদের উপর নিষেধাজ্ঞা আরোপ করব।”

