কলকাতা 

মহিলা যাত্রীর সঙ্গে ক্যাব চালকের অভব্য আচরণ , তদন্তে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মহিলা যাত্রীর সঙ্গে এক ক্যাব চালকের খারাপ আচরণের অভিযোগ উঠেছে । খাস কলকাতা শহরের শিয়ালদহ এলাকায় এক মহিলা যাত্রীকে নিগৃহীত করেছে বলে ক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, শনিবার সন্ধেয় দাদা ও ভাইপোর সঙ্গে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। শিয়ালদহ থেকে একটি অ্যাপ ক্যাব বুক করেন ওই মহিলা। ক্যাবে ওঠার পর থেকেই চালকটি তাঁকে কু-দৃষ্টিতে দেখতে শুরু করে বলেও অভিযোগ। এমনকী গাড়ির লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে ছিল ওই চালক, এমন দাবি নিগৃহীতার।

মহিলার কথায়, এমন আচরণে প্রতিবাদ করায় তাঁর দাদার সঙ্গে বচসা বেঁধে যায় চালকের। চলন্ত গাড়িতেই বাকবিতণ্ডা শুরু হয়। তারপর হঠাৎই টাকি হাউস স্কুল এলাকায় গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দেয় অভিযুক্ত। গাড়ি থেকে নেমে পড়ে সে। তারপর তাঁর দাদাকে ধরে মারধর করে বলে দাবি ওই মহিলার।

মহিলা যাত্রীর গায়ে হাত তোলার অভিযোগও ওঠে চালক ও তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তখনই অভিযুক্ত ও তার বন্ধুরা গাড়ি করে পালিয়ে যায়। পালানোর সময় ওই ট্রাফিক পুলিশকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে বলেও অভিযোগ।

আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই মহিলা যাত্রী। সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। সেই ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ