জেলা 

বাম ও তৃণমূল জামানার অত্যাচারের ফাইল এবার খুলতে চলেছে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার!

শেয়ার করুন

দু’বছর আগে লোকসভা ভোটের সময়ে গন্ডগোল থেকে ১৭ বছর আগের রাজনৈতিক ঘটনা, তৃণমূল জমানা থেকে বাম আমলের নানা মামলার হিসেব হবে এ বার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল এবং সিপিএমকে এক পঙ্‌ক্তিতে ফেলে জঙ্গলমহল থেকে তাঁর ঘোষণা, খুলছে নন্দীগ্রামের ‘অপারেশন সূর্যোদয়’ ফাইল।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শাসক তৃণমূলের একের পর ‘রাজনৈতিক আক্রমণের’ তথ্য তিনি তুলে ধরেন বক্তৃতায়। টেনে আনেন ২০২৪ সালে মে মাসে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ‘মারধরের’ প্রসঙ্গও।

ঝাড়গ্রামে ভোটগ্রহণের দিন তৃণমূলের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন প্রণত। তাঁর নিরাপত্তারক্ষীরাও জখম হয়েছিলেন বলে অভিযোগ। গড়বেতা হাসপাতালে চিকিৎসার পর পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির চিকিৎসক-প্রার্থী। শনিবার তার এফআইআর কপি চাইলেন মুখ্যমন্ত্রী। পুলিশমন্ত্রী শুভেন্দু জানতে চাইলেন, ওই মামলায় কত জন গ্রেফতার হয়েছিলেন। বস্তুত, পাল্টা প্রণতের বিরুদ্ধে মহিলার উপর নির্যাতনের অভিযোগ করেছিল তৃণমূল। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘২০২৪-এর লোকসভা নির্বাচনের দিন প্রণত টুডুর মাথা ফাটিয়েছিল মনে আছে।’’ সভায় উপস্থিত প্রণতের দিকে ঘুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওই দিনের এফআইআর কপিটা দেবেন আমাকে। ওই ঘটনায় কতগুলো গ্রেফতার হয়েছে দেখব। যারা গ্রেফতার হয়নি, তাদের প্রত্যেককে চুলের মুঠি ধরে জেলে ঢোকাব। কেশপুরেও একই ভাবে অত্যাচার করেছে।’’

তার পর বিধানসভা ভোটের আগে চন্দ্রকোনায় তাঁর কনভয়ে হামলার কথা টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনায় আমি আক্রান্ত হয়েছিলাম। সারারাত থানায় বসেছিলাম। সেদিন অনেকেই আক্রান্ত হয়েছিলেন। আমি সব মনে রেখেছি।’’ তৃণমূলকে দুষে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়ার পর বামেদের প্রসঙ্গে চলে যান মুখ্যমন্ত্রী। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি মন্তব্যের সমালোচনা করেন। তার পর জানান, ১৭ বছর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ‘অপারেশন সূর্যোদয়’-এর ফাইল খুলবেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ