কলকাতা 

পুর নিয়োগ দুর্নীতি : জেলবন্দি সুজিত বসুকে জেরা সিবিআইয়ের!

শেয়ার করুন

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বর্তমানে সুজিত প্রেসিডেন্সি জেলে রয়েছেন। শনিবার সেখানে গিয়েই সিবিআই আধিকারিকেরা তাঁর সঙ্গে কথা বলেছেন। প্রায় তিন ঘণ্টা জেরা করা হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে ইডি-ও। বিধানসভা নির্বাচনের পর সুজিতকে গত ১১ মে গ্রেফতার করেছিল ইডি। এর আগে এই সংক্রান্ত মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে। কিন্তু তাতে সুজিতের নাম ছিল না। পরে জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি চায় সিবিআই। আদালত অনুমতি দেওয়ার পর শনিবার কেন্দ্রীয় গোয়েন্দারা প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন।

সিবিআই সূত্রে খবর, মূলত দক্ষিণ দমদম পুরসভার দুর্নীতিতে সুজিতের ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সিবিআইয়ের চার্জশিটে নাম না থাকলেও পুর নিয়োগ মামলায় ইডি-র চার্জশিটে সুজিত এবং তাঁর পুত্রের নাম ছিল। অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনি ভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা। দুর্নীতির টাকা খাটাতেন বিভিন্ন ব্যবসায়িক সংস্থায়। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুজিত। জামিন চেয়ে একাধিক বার আদালতে আবেদন করেছেন তিনি। কিন্তু আবেদন খারিজ হয়ে গিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ