বিজেপির সঙ্গ ছাড়তে চলেছেন একনাথ শিন্ডে!
বাংলার জনরব ডেস্ক : রাজস্থানে বিপুল পরাজয়ের পর বিজেপির সঙ্গ ছাড়তে চলেছেন অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত একনাথ শিন্ডে। শুধু একনাথ নয়, এবার বিজেপির সঙ্গ ছাড়তে চলেছে মহারাষ্ট্রের আর এক জোট সঙ্গী অজিত পাওয়ারের এন সি পি।
আসলে সদ্য মহারাষ্ট্রের একাধিক দুগ্ধ সমবায় এবং সমবায় ব্যাঙ্কে নির্বাচন হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের সবচেয়ে বড় গোকুল দুগ্ধ সমবায় নির্বাচনে হারার পরও ঘুরপথে দখল করেছে বিজেপি। ঠিক একইরকমভাবে দুটি সমবায় ব্যাঙ্ক বিজেপির হাতছাড়া হল। সাংলি এবং সাতারার জেলা সমবায় ব্যাঙ্কে বিজেপিকে ল্যাং মেরে বিরোধীদের সঙ্গে জোট বাঁধল একনাথ শিণ্ডের শিব সেনা। এমনকী অজিত পওয়ারের এনসিপিও বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিল।
সাংলি জেলা সমবায় ব্যাঙ্কের ২১টি আসনের মধ্যে ছ’টি আসনে জিতেছিল কংগ্রেস, শরদ পওয়ারের এনসিপি ৫ আসন, বিজেপি পাঁচ আসন এবং শিণ্ডে সেনা ২ আসন জিতেছিল। ওই ব্যাঙ্কে শিণ্ডে সেনার ডিরেক্টররা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করে ফেললেন স্রেফ বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে। সাতারাতেও সমীকরণ একইরকম। সেখানে ২১ আসনের মধ্যে বিজেপির হাতে ছিল ৯ ডিরেক্টর, অজিত পওয়ারের এনসিপির হাতে ৮ এবং শিণ্ডের শিব সেনার ৪ জন ডিরেক্টর ছিল। এখানে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে এনসিপি এবং শিব সেনা হাত মিলিয়ে নিলেন। চমকপ্রদভাবে এই সমবায় ব্যাঙ্কে বিজেপি এবং শিব সেনা জোট বেঁধে ভোটে লড়েছিল। তারপরও বোর্ড গঠনে বিজেপিকে ধাক্কা দিল শরিকরা।
আসলে বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রের মহাজুটিতে অসন্তোষ চলছে। সদ্য যে বিধান পরিষদ নির্বাচন হয়েছে, তাতেও শাসকজোটের ধাক্কার পিছনে শরিকদের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেন অনেকে। শিব সেনা এবং বিজেপি ওই হারের পর প্রকাশ্যেই একে অপরকে দোষারোপ করেছে।

