সিআরপিএফ ছাউনিতে হামলার আগের দিন রেকি করেছিল দুই লস্কর জঙ্গি!
জম্মু-কাশ্মীরের সিআরপিএফ ছাউনিতে হামলায় জড়িত দুই লশকর জঙ্গি কুলগামের বিভিন্ন জায়গায় রেকি করেছিল হামলার ঠিক আগের দিন। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। সম্প্রতি সেই ফুটেজ পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতেও এসেছে বলে সূত্রের খবর।
ঘটনাচক্রে, সোমবারই তল্লাশি অভিযানে লারু এলাকায় জঙ্গি নিসার দারের হদিস পায় সেনা। তাঁকে ধরতে গেলে জম্মু-কাশ্মীর পুলিশের এসওজি (স্পেশাল অপারেশনস গ্রুপ) এবং সেনার সঙ্গে গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে নিহত হয়েছেন নিসার। কিন্তু এখনও হদিস মেলেনি হামলার ‘মূল চক্রী’ লতিফের। সূত্রের খবর, ১০ নভেম্বর লশকর কমান্ডার লতিফ এবং জঙ্গি নিসার কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলমের মতো বেশ কয়েকটি জায়গায় দু’জনকে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। তার ঠিক পর দিনই অর্থাৎ ১১ নভেম্বর অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়।
পুলিশ এবং সিআরপিএফ যখন ছাউনির আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে, সেই ফুটেজে দুই জঙ্গি লতিফ এবং নিসারকে দেখা গিয়েছে। হামলার পর কোন রাস্তা ধরে তাঁরা পালিয়েছিলেন, তা-ও ধরা পড়েছে সেই ফুটেজে। হামলার ছ’দিনের মাথায় লারু এলাকায় দুই সন্দেহভাজন জঙ্গির ঘোরাফেরা করার খবর পায় সেনা এবং পুলিশ। সেখানে তল্লাশি অভিযানে যেতেই বাহিনীকে দেখে আপেল বাগানের ভিতরে ঢুকে পড়েন তাঁরা। পাশেই ছিল দু’টি স্কুল। নিরাপত্তার স্বার্থে সেগুলিকে খালি করানো হয় প্রথমে। তার পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে বাহিনী। সেই সময়েই জঙ্গিদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ হয়। ‘এনকাউন্টারে’ নিহত হন এক জঙ্গি। অন্য জন পালিয়ে যান। নিহত জঙ্গিকে পরে শনাক্ত করা হয়। ঘটনাচক্রে, সিসি ক্যামেরার ফুটেজেও এই জঙ্গিকে দেখা গিয়েছিল বলে দাবি বাহিনীর। হত জঙ্গিকে নিসার দার বলে শনাক্ত করা হয়।
সূত্রের খবর, জঙ্গিদলে যোগ দেওয়ার আগে কোনও কাজ করতেন না নিসার। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবার তাঁর নামে নিখোঁজ ডায়েরি করে পুলিশে। সূত্রের খবর, লতিফের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তার পর কুলগামে জঙ্গি কার্যকলাপে যুক্ত হন। লশকর জঙ্গি লতিফকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে সব রকম সহযোগিতা করছিলেন নাসির।

