বাংলাদেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির জন্য শাসক দল দায়ী করল হাসিনাকে ঢাকায় নামলো সীমান্ত রক্ষা বাহিনী
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তার আগে দেশটির নানা প্রান্তে নতুন করে অশান্তি শুরু হয়েছে। তারেক রহমানের সরকারের দাবি, হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র ও শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে অশান্তির নেপথ্যে। জেলায় জেলায় বিক্ষোভ চলছে পোশাকশ্রমিকদেরও। এই পরিস্থিতিতে অশান্তিতে ইন্ধনের জন্য সরাসরি হাসিনার দিকে আঙুল তুললেন বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব রাহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নতুন আন্দোলন গড়ে তুলতে চান হাসিনা। তার জন্য ‘লাশ’ প্রয়োজন তাঁর। সেই কারণেই এত অশান্তি হচ্ছে চারদিকে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, শুক্রবার যশোরের একটি অনুষ্ঠানে গিয়ে হাসিনা ও তাঁর দলকে আক্রমণ করেন রাহুল। বলেন, ‘‘গণতন্ত্রবিরোধী মানুষটি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে এখন অন্য জায়গা থেকে সন্ত্রাসে মদত দিচ্ছেন। তাঁদের টাকার অভাব নেই। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরেরা সেই অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছেন। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক সংগ্রামে যোগ দিয়েছিলেন যাঁরা, তাঁদের বাড়িতেও আগুন লাগানো হচ্ছে। এর পরেই হাসিনার নাম উল্লেখ করে সরাসরি নিশানা করেন রাহুল। বলেন, ‘‘এই অশান্তিতে দেশের বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে। কারণ, শেখ হাসিনার লাশ দরকার। কারণ, তিনি একটি আন্দোলন গড়ে তুলতে চান।’’
বাইরে থেকে অশান্তিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকও। বলেছেন, ‘‘একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকাল থেকে ঢাকা-সহ বিভিন্ন জেলায় সীমান্তরক্ষী বাহিনী নামিয়েছেন তারেক। মোট আটটি জেলায় ৯০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ঢাকা, ঢাকা মহানগর ছাড়াও রয়েছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজার। বিজিবি জানিয়েছে, সরকারি সম্পত্তি, শিল্পাঞ্চল-সহ গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা রক্ষা করতে তারা জেলা প্রশাসনের সঙ্গে মিলে কাজ করবে। যে কোনও বিশৃঙ্খলা বা হিংসা দমন করবে কঠোর হাতে।
গত কয়েক দিনে গোপালগঞ্জ ছাড়াও সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা, পাবনার মতো জেলায় অশান্তি ছড়িয়েছে। বুধবার গভীর রাতে আগুন ধরানো হয় চট্টগ্রামে পূর্বতন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক ভিটেতে। বিএনপি-র সংসদ সদস্যদের বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ। গোপালগঞ্জের মুকসুদপুর থানা, টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকারি ভাবে হাসিনার দলের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ।

