বাংলাদেশে অশান্তি অব্যাহত! ২৩ জেলায় ছড়িয়ে পড়ল বিক্ষোভ কর্মসূচি! প্রবল চাপে তারেক সরকার
হাসিনার বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে সেই দেশে বিক্ষোভ কর্মসূচি তীব্র হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুসারে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। দু’টি ট্রেন এবং রেললাইনে আগুন ধরানো হয়েছে। পুড়েছে ১২টি বাস। শেখ হাসিনার দলকে রুখতে আলাদা আলাদা ভাবে রাস্তায় নামার ডাক দিয়েছে বাংলাদেশের শাসকদল বিএনপি এবং দুই বিরোধী দল জামায়াতে ইসলামী (যা জামাত নামেই পরিচিত) এবং এনসিপি।
একদা আওয়ামী লীগের ‘শক্তঘাঁটি’ বলে পরিচিত গোপালগঞ্জ ছাড়াও সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা, পাবনা জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্রমবর্ধমান অশান্তি বাংলাদেশের সরকারকে অস্বস্তিতে রাখলেও আগে জল মাপতে চাইছে তারেক প্রশাসন।
বিএনপি সরকারের একাধিক সূত্রকে উদ্ধৃত করে ‘প্রথম আলো’-র প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক অশান্তিকে আওয়ামী লীগের প্ররোচনা হিসেবে দেখা হচ্ছে। তারেক সরকারের আশঙ্কা হাসিনার দলের ‘উস্কানিতে’ পা দিয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ করলে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা পেয়ে যেতে পারে। অশান্তি থামাতে পাল্টা হিংসা বা রক্তপাত চাইছে না বিএনপি সরকার। তবে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের মোকাবিলা করতে পথে নামছে তারেকের দল। বৃহস্পতিবার রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় মিছিল করেছেন বিএনপির কর্মী-সমর্থকেরা।
বাংলাদেশে ক্রমবর্ধমান হিংসার ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকও। নাম না-করে নিশানা করেছেন হাসিনা-সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে। বৃহস্পতিবার বাংলাদেশের লালমণিরহাটে একটি প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন তারেক। তিনি বলেন, “যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই।” একই সঙ্গে কারও নাম না-করে তারেক বলেন, “আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। যে দেশে তারা পালিয়েছে, সেখানে তাদের প্রভুরা থাকে। তারা ষড়যন্ত্র করে ওই প্রভুদের খুশি করতে চাইছে।” হাসিনার দলকে কটাক্ষ করে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গুঞ্জনের মাঝে অশান্তি ক্রমশ বাড়ছে বাংলাদেশে। তার সঙ্গে চলছে পোশাকশ্রমিকদের বিক্ষোভও। তাতেও আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। বুধবার গভীর রাতে আগুন ধরানো হয় পূর্বতন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক ভিটেতে! বৃহস্পতিবার সকালে সেখানে বিএনপির সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। বেলা ১১টা নাগাদ গোপালগঞ্জ এলাকাতেই বিএনপি সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জেরই মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। থানার ভিতরে থাকা পুলিশের গাড়ি-সহ বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করা হয়েছিল।
সরকারি ভাবে বাংলাদেশে হাসিনার দলের যাবতীয় কর্মসূচি ‘নিষিদ্ধ’। কিন্তু সেই নিষেধাজ্ঞা উড়িয়ে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে ফের মূলস্রোতের রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগও। অন্য দিকে, হাসিনার দলের কার্যকলাপ রোখার ডাক দিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। বুধবার নড়াইলে এমনই এক বিক্ষোভ মিছিল ঘিরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিন বিএনপি কর্মী নিহত হয়েছেন। তা ছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে এক চালকের। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ জমানার মন্ত্রী নজরুল ইসলাম হিরু।
যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। গোপালগঞ্জের ভিতর চলাচল করা ট্রেন তো বটেই, এর উপর দিয়ে যাওয়া ট্রেনগুলিও বন্ধ থাকছে। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। তবে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে কোনও অশান্তির খবর না-আসায় গোপালগঞ্জ মহাসড়ক দিয়ে ফের যান চলাচল শুরু হয়েছে। অশান্তির আবহে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কারণ এই রাস্তাটি গোপালগঞ্জের উপর দিয়েই গিয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা পর শুক্রবার সকাল থেকে ওই রাস্তা ধরে ফের দূরপাল্লার বাস যাতায়াত করছে।

