জেলা 

“পুলিশই সুযোগ করে দিল!” — গোবরায় হামলার পর ফেসবুক লাইভে পুলিশকে কাঠগড়ায় তুললেন মহুয়া

শেয়ার করুন

এস রোজলিন, কলকাতা: উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভ। আর বিক্ষোভের পর এবার পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

ঘটনা বৃহস্পতিবার। নদিয়ার কালীগঞ্জের গোবরা এলাকায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি স্নানঘাটের উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

মহুয়ার অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর গাড়ির পথ আটকে কালো পতাকা দেখান। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এমনকী গাড়ির কাচ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তাঁর। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে সেই ঘটনা জনসমক্ষে তুলে ধরেন।

আর সেই লাইভেই উঠে এল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। মহুয়ার দাবি, তাঁর গাড়ির সামনে পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও কোনও পুলিশ গাড়ি থেকে নেমে নিরাপত্তা দেননি।

তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, রাজ্য পুলিশের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাঁর বক্তব্য, হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁদের উপর তাঁর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পুলিশই কার্যত বিক্ষোভকারীদের হামলা চালানোর সুযোগ করে দিয়েছে।

পুলিশের সামনেই কীভাবে গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া এবং ভাঙচুরের ঘটনা ঘটল? এই প্রশ্ন তুলে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল সাংসদ। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার পরেও কেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ করা হল না, তা জানতে চেয়েছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ