দেশ 

মণিপুরে বিষমদ খেয়ে ১৩ জনের মৃত্যু!

শেয়ার করুন

মণিপুরে বিষ মদ খেয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৩০০-রও বেশি মানুষ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মণিপুর প্রশাসন। বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেল জেলায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে ঘটনাটি ঘটে। মদ খেয়ে যাঁরা অসুস্থ হয়ে পড়েন, তাঁদের ভর্তি করানো হয় ইম্ফলের বিভিন্ন হাসপাতালে। মৃতদের মধ্যে আট জনের নাম জানিয়েছেন চান্দেলের পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে একাংশ বাড়িতেই মারা যান। কারও কারও হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় মৃত্যু হয়।

শুক্রবার অসুস্থদের দেখতে ইম্ফলের দু’টি হাসপাতালে গিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহ। তিনি পরিস্থিতির খোঁজ নেন। অসুস্থ এবং তাঁদের পরিজনেদের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের একটি দল চান্দেলের উদ্দেশে রওনা দিয়েছে। যাঁদের অসুস্থতা ততটা গুরুতর নয়, তাঁদেরও পরীক্ষা করে দেখবে চিকিৎসকেদের ওই দলটি। ইতিমধ্যেই এই ঘটনায় নির্দেশ দিয়েছে মণিপুরের বিজেপি সরকার। বিষমদ তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যে বিষমদ খেয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং এত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, সেটি আনা হয়েছিল মণিপুরের কাকচিং জেলার সুগনু থেকে। মৃতদের মধ্যে পাঁচ জনের মৃত্যু সুগনু থানা এলাকাতেই হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অজানা সূত্র থেকে আসা দেশি মদ না-খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি চান্দেল জেলা প্রশাসন জানিয়েছে, বমি, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, অস্পষ্ট দৃষ্টি কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা থাকলে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করাতে হবে। বিষমদ খেয়েছেন অথচ এখনও তেমন কোনও উপসর্গ নেই— এমন ব্যক্তিদেরও স্বাস্থ্য পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ