৯ বছরের স্কুল ছাত্রকে পিষে দিল বিজেপি সাংসদের গাড়ি!
বাংলার জনরব ডেস্ক : সংসদের গাড়ির তলায় পিষ্ট হয়ে ন বছরের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে।অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িটির ক্ষতি হয়েছে কি না, তা দেখতেই ‘ব্যস্ত’ ছিলেন ওই সাংসদ। যার ভিডিয়ো ভাইরাল হতেই ওই সাংসদের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও সাংসদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ করা হয়নি বলে মৃতের পরিবারের দাবি।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শনিবার বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে একটি চারচাকার গাড়ির ধাক্কায় জখম হয় অভিষেক রাজভর নামে এক স্কুলছাত্র। বস্তি সদরের সার্কল অফিসার অলোক প্রসাদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে একটি ৯ বছরের বালক। তার আত্মীয়স্বজনের অভিযোগ, এক জনপ্রতিনিধির গাড়ি বালককে ধাক্কা মেরেছে। দুর্ঘটনার সময় জনপ্রতিনিধি ওই গাড়িতে ছিলেন বলেও তাঁদের দাবি। এই ঘটনায় এফআইআর করা হয়েছে। তদন্ত চলছে।’’
দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে গাড়ির নীচে পিষে মারার অভিযোগ উঠেছে বস্তি সদর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর বিরুদ্ধে। দুর্ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, দু’টি এসইউভি-র মাঝে দাঁড়িয়ে সাংসদ। দুর্ঘটনার পর তিনি একটি এসইউভি-র বাম্পার খতিয়ে দেখছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই সাংসদের গ্রেফতারির দাবি তুলেছেন ওই নাবালকের পরিবারের সদস্যরা।

