চোর বাগানে বিপর্যয়ের জের পুজো কমিটির সাতজনকে গ্রেফতার করল পুলিশ, এফআইআর দায়ের
চোরবাগানের বিপর্যয়ে রাতভর জিজ্ঞাসাবাদের পর সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির একাধিক কর্তাও। ভিআইপি পাস সামলানো এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের উপরে ছিল, তাঁদেরও পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মীও।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং কমিটির সহসভাপতি শান্তনু দুবে। পাকড়াও করা হয়েছে কৌশিক সাহা নামে এক ব্যক্তিকে। তাঁর দায়িত্ব ছিল ঠাকুর দেখার ভিআইপি পাস চেক করা এবং ভিড় সামলানো। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পিন্টু দে। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বিপ্লব মুখোপাধ্যায়। তিনি পুজো মণ্ডপের বাঁশের কাঠামো নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া ধৃতদের তালিকায় রয়েছেন সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল। উভয়েই বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী।
চোরবাগানে দুর্ঘটনার পর শনিবার রাতে পুজোর উদ্যোক্তাদের বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, মোট ১৪ জনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয় থানায়। এ সবের মধ্যে রবিবার সকালে জানা যায়, পুজো কমিটির একাধিক শীর্ষকর্তা-সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

