আন্তর্জাতিক 

জেন জি আন্দোলনে অগ্নিগর্ভ ফ্রান্স ! এমানুয়েল মাক্রোঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ!

শেয়ার করুন

দফায় দফায় সংঘর্ষে শনিবার উত্তপ্ত হল প্যারিস-সহ ফ্রান্সের বেশ কয়েকটি বড় শহর। প্রতিবাদে সামিল হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে। তার জের হিসাবে শনিবার ফ্রান্সের ৬০০টি শহরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রীতিমত অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্রান্সের পরিস্থিতি।

এক্সে (সাবেক টুইটার) ছ়ড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, লিয়োঁ শহরে মাস্ক পরে বিক্ষোভকারীরা একটি পর্যটন অফিসে আগুন ধরিয়ে দেন। অন্য দিকে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্সেইতে বিক্ষোভকারীরা টাউনহলে ঢুকে পড়েন। তাঁরা সেখানে একটি ভাস্কর্যের আবক্ষ মূর্তি উল্টে ফেলে আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তাঁরা সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। অতিরিক্ত পুলিশি সহায়তা চেয়েছেন সেই শহরের মেয়র। উত্তরের শহর লিলেতে বিক্ষোভকারীরা মেয়রের কার্যালয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন বলেও অভিযোগ। চলে যাওয়ার আগে সেখানেও ভাঙচুর চালানো হয়।

হাজার হাজার মানুষ প্যারিসের পূর্ব এবং উত্তরাঞ্চল জুড়ে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘সবাই পুলিশকে ঘৃণা করে’ এবং ‘মাক্রোঁ, পদত্যাগ করো’ বলে স্লোগান দিতে থাকেন। খবর, পুরো ফ্রান্স জুড়ে ৬০০টিরও বেশি বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া বিবৃতি অনুযায়ী, প্যারিসের প্লেস দে লা রিপাবলিক এবং প্লেস দে লা নেশনের মতো স্থানগুলিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ